বৈরুতে বোমায় আসাদ-বিরোধী সাবেক মন্ত্রী নিহত
লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে বড় ধরনের বোমা বিস্ফোরণে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী সাবেক লেবানিজ অর্থমন্ত্রী মোহাম্মদ সাত্তাহ এবং আরো অন্তত ৪ জন নিহত হয়েছেন।
সাত্তাহ শুক্রবার একটি বৈঠকে অংশ নিতে যাওয়ার পথে হামলার শিকার হন। তার গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছে কয়েকটি নিরাপত্তা সূত্র।
সুন্নি মুসলিম সাত্তাহ লেবাননের বিরোধীদলীয় সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী সাদ আল-হারিরির উপদেষ্টা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে এ হামলায় তার গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে গোটা শহরজুড়ে।
বিস্ফোরণের পরপরই পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আশেপাশের কয়েকটি রেস্তোরা এবং কফি শপও হামলায় বিধ্বস্ত হয়। আগুন ধরে যায় কয়েকটি গাড়িতে।
হামলার ঘটনার পর শহরজুড়ে বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
সিরিয়ায় চলমান লড়াই-সংঘর্ষের কারণে সম্প্রতি লেবাননে জাতিগত উত্তেজনা বেড়েছে। লেবাননের শিয়া গেরিলা দল হিজবুল্লাহ সিরিয়ায় আসাদ সরকারের সমর্থনে যোদ্ধা পাঠিয়েছে।
