খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা-বৈষম্যের নিন্দায় পোপ
বিশ্বব্যাপী খ্রিস্টানদের বিরুদ্ধে বৈষম্য এবং সহিংসতার নিন্দা জানিয়েছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
সেন্ট পিটার্স স্কয়ারে দুপুরের এক প্রার্থনাসভায় হাজারো মানুষের উদ্দেশ্যে ভাষণে তিনি এ নিন্দা জানান।
পূর্ণ ধর্মীয় স্বাধীনতা না থাকা দেশগুলোর পাশাপাশি আইন করে ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকারের সুরক্ষা ব্যবস্থা থাকা দেশগুলোতেও খ্রিস্টানরা বৈষম্যের শিকার হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
“খ্রিস্টানদের প্রতি এই অবিচারের নিন্দা জানানো এবং তা বন্ধ করা উচিত”, বলেন পোপ।
ফ্রান্সিস কোনো দেশের নাম বলেননি। কিন্তু ভ্যাটিকান অনেক আগে থেকেই সৌদি আরবে খ্রিস্টানদের প্রকাশ্যে প্রার্থনা করার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়ে আসছে।
তাছাড়া, এ বছর মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, সুদান, নাইজেরিয়াসহ অন্য আরো দেশে খ্রিস্টানদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে।
ফলে খ্রিস্টানরা এখন নিশ্চিতভাবেই আগের চেয়ে অনেক বেশি বৈষম্য এবং সহিংসতার শিকার হচ্ছে বলে পোপ মন্তব্য করেন ।
