তুরস্কের মন্ত্রিসভায় রদবদল
তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এরদোগান তার মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন। দুর্নীতির অভিযোগ ওঠায় মন্ত্রিসভার তিনমন্ত্রী পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন।
এরদোগান সরকারের ১১ বছরের শাসনামলে এটি ক্ষমতাসীনদের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
১৭ ডিসেম্বর রাষ্ট্রীয় হাল্ক ব্যাংকের প্রধানসহ কয়েকডজন ব্যক্তিকে গ্রেপ্তারের পর দুর্নীতির বিষয়টি পাদপ্রদীপের আলোয় উঠে আসে। ঘুষ আদান-প্রদানের অভিযোগে ওই ধরপাকড় চালানো হয়।
তুরস্ক সরকারের স্বরাষ্ট্র, অর্থ ও পরিবেশ মন্ত্রীর ছেলেরা দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আটক হওয়ার পর বুধবার দিনের প্রথমভাগে ওই তিনমন্ত্রী পদত্যাগ করেন।
ইতোমধ্যে এরদোগান পুনর্গঠিত মন্ত্রিসভার নামের তালিকা প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুলের কাছে উপস্থাপন করেছেন।
পুনর্গঠিত মন্ত্রিসভা থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী মন্ত্রীকেও সরিয়ে দিয়েছেন এরদোগান। অবশ্য, এ মন্ত্রী নিজে পদত্যাগ করেননি।
এদিকে, তুরস্ক সরকারের মন্ত্রীদের আত্মীয়-স্বজনেরা দুর্নীতি ও বিভিন্ন কেলেঙ্কারীতে জড়িয়ে পড়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। আর এ অবস্থার পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা থেকে তিনমন্ত্রীর পদত্যাগ এবং মন্ত্রিসভার পুনর্গঠনের কারণে রাজনৈতিকভাবে প্রবল চাপের মুখে পড়েছেন এরদোগান।
অনেকেই দুর্নীতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর পদ থেকে এরদোগানের পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেছেন।
চলতিবছরের শেষ কয়েক মাস ধরে এরদোগান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে যে মানুষেরা বিক্ষোভ করছিল তারা এখন এই দুর্নীতির ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন জোরদার করতে পারেন।
এরদোগানের ব্যক্তিগত জনপ্রিয়তাতেও ভাটা পড়েছে। আর এ জন্য এরদোগানের নেতৃত্বাধীন সরকার ভাবমূর্তি সংকটের পাশাপাশি সামনের রাজনৈতিক চ্যালেঞ্জ যথাযথভাবে করতে পারবেন কিনা তা নিয়ে এখনই সন্দেহ দেখা দিয়েছে।
অন্যদিকে, দুর্নীতির এই ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনমন্ত্রীর পদত্যাগের পর প্রধানমন্ত্রী এরদোগান হুমকি দিয়ে বলেছেন, তার প্রশাসনের ক্ষতিসাধন করতে যদি বিরোধীদের কেউ এই বিষয়টিকে (তদন্ত) ব্যবহার করে তবে তিনি তার ‘হাত ভেঙ্গে দেবেন’।
মন্ত্রীপুত্রদের বিরুদ্ধে অভিযোগ তারা শহরের উন্নয়ন প্রকল্প এবং নির্মাণকাজ অনুমোদনের বরাদ্দ দেয়ার সময় ঘুষ আদান-প্রদানের সঙ্গে জড়িত ছিলেন।
যদিও মন্ত্রীপুত্ররা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
প্রশাসনের এই ভঙ্গুর অবস্থার মধ্যেও বেশ কয়েকজন পুলিশ কমিশনারকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে, যাদের মধ্যে রাজধানী ইস্তাম্বুলের পুলিশ প্রধানও রয়েছেন।
