ভারতে মার্কিন কূটনীতিকদের পরিচয়পত্র প্রত্যাহার
ভারত সরকার মার্কিন কূটনীতিকদের দেয়া পরিচয়পত্র প্রত্যাহার করে নিয়েছে। এর বদলে নতুন ধরনের কার্ড দেয়া হয়েছে তাদেরকে।
যুক্তরাষ্ট্রে ভারতীয় কূটনীতিকদের যে ধরনের কার্ড দেওয়া হয় ভারতের দেয়া নতুন ওই কার্ডটি দেখতে হুবহু সেটির মতোই।
দেবযানী খোবরাগাড়ে কাণ্ডের পরই নয়াদিল্লি এ কড়া পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা।
বিশেষ সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানায়, মার্কিন কূটনীতিকরা এখন থেকে ভারতের মাটিতে ততটাই সুরক্ষা পাবেন, যতটা যুক্তরাষ্ট্রে পেয়ে থাকেন ভারতীয় কূটনীতিকরা।
ভারত এর আগে মার্কিন কূটনীতিকদের পরিবারের সদস্যদেরও এক ধরনের কার্ড দিত। তার জন্য বিশেষ সুযোগ-সুবিধা পেতেন তারা। দিল্লি ফেরত নিয়েছে সেই কার্ডও। এর বদলে আর কোনো কার্ড দেয়া হচ্ছে না তাদের।
ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়েকে গ্রেফতার, হাতকড়া পরানো এবং বিবস্ত্র করে তল্লাশি চালানোর পর থেকে ওয়াশিংটনের ওপর ক্ষুব্ধ হয়ে রয়েছে নয়াদিল্লি। সেইসঙ্গে ভারতীয় জনগণের মধ্যেও বিরাজ করছে মার্কিন বিদ্বেষ।
ভুয়া তথ্য দেখিয়ে গৃহপরিচারিকার জন্য ভিসা গ্রহণ ও তাকে প্রতিশ্রুত পারিশ্রমিকের চেয়ে কম বেতন দেয়ার অভিযোগে দেবযানিকে আটক করে নিউ ইয়র্ক পুলিশ। তিনি নিউ ইয়র্কে ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল ছিলেন।গ্রেপ্তারের পর তাকে জামিনে মুক্তি দেয়া হয়।
