২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানে সহিংসতায় নিহত ‘কয়েক হাজার’

সপ্তাব্যাপী সহিংসতায় দক্ষিণ সুদানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। দেশটির জন্য সপ্তাহটি ছিল ভয়াবহ।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 12:56 PM

Updated : 25 Apr 2022, 07:43 PM

মঙ্গলবার বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন দক্ষিণ সুদানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষ সমন্বয়ক টবি ল্যাঞ্জার।

দেশটির উত্তরাঞ্চলীয় ইউনিটি রাজ্যের বেনতিউ এ অবস্থান করা ল্যাঞ্জার বলেন, “গত সপ্তাহটি দক্ষিণ সুদানের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক ছিল।”

বিবিসি’র ‘নিউজ আওয়ার’ অনুষ্ঠানে তিনি বলেন, “আমি মনে করি এই পরিস্থিতিতে এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই যে, এখানে কয়েক হাজার লোক প্রাণ হারিয়েছেন।”

“রাজধানীর হাসপাতালগুলোসহ দেশটির প্রধান শহরগুলোর হাসপাতালগুলোতে যে পরিমাণ আহত লোক দেখেছি, তাতে নিশ্চিত করে বলা যায় কম করে হলেও শত শত মানুষ নিহত হয়েছেন।”

তিনি বলেন, “সহিংসতার কারণে আশ্রয়প্রার্থী মানুষের সংখ্যা লাখ খানেক না হলেও এর কাছাকাছি হবে।”

তিনি জানিয়েছেন, দক্ষিণ সুদানের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কী পরিমাণ উত্তেজনা বিরাজ করছে, তার আঁচ পাওয়া গেছে সদ্য পরিদর্শন করা জাতিসংঘের একটি ঘাঁটি থেকে। নিরাপত্তার জন্য সেখানে সাড়ে সাত হাজার মানুষ এসে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই বলেছেন, “সেখানে দিনকা ও নুয়ের জাতিগোষ্ঠীর বেসামরিক লোকদের মাঝে প্রচণ্ড ভয় কাজ করছে, শুধুমাত্র তাদের নৃতাত্ত্বিক পরিচয়ের ভিত্তিতেই তাদের খুন করা হতে পারে বলে শঙ্কিত হয়ে আছেন তারা।”

জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে চলমান অস্থিরতার কারণে অন্তত ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের অর্ধেকের মতো জাতিসংঘের কাছে আশ্রয়প্রার্থী হয়েছেন।

মঙ্গলবার রাতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দক্ষিণ সুদানে মোতায়েন শান্তিরক্ষীর সংখ্যা ৭ হাজার থেকে বাড়িয়ে সাড়ে বারো হাজার এবং আন্তর্জাতিক পুলিশ বাহিনীর সংখ্যা ৯শ’ থেকে বাড়িয়ে এক হাজার ৩শ’ ২৩ জন করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট সিলভা কির অভিযোগ করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাখার অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করেছেন। মাখার এই অভিযোগ অস্বীকার করলেও এর পরপরই দেশের দুটি প্রধান নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রতিনিধি এই দুই নেতার অনুগত সেনাদের মধ্যে লড়াই ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার সকালে দিনকা নৃতাত্ত্বিক গোষ্ঠী থেকে আসা প্রেসিডেন্ট কির দাবি করেছেন, তার অনুগত সেনারা একদিন আগে মাখারের অনুগত বিদ্রোহী নুয়ের নৃতাত্ত্বিক গোষ্ঠী থেকে আসা সেনাদের দখলকৃত বোর শহরটি পুনর্দখল করেছে।

এদিকে রাজধানী জুবাতে দুটি ও বেনতিউয়ে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে ওইদিনই জানিয়েছে জাতিসংঘ।

পুরনো খবর:

আরো বাংলাদেশি সৈন্য চাইলেন বান কি মুন