২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবনে টক্কর খেয়েও রক্ষা পেল বিমান

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে উড্ডয়নের সময় একটি ভবনের সঙ্গে টক্কর খেয়েও রক্ষা পেয়েছে ব্রিটিশ এয়ারওয়েজের ২শ’র বেশি যাত্রীবাহী একটি বিমান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 05:32 PM

Updated : 25 Apr 2022, 07:42 PM

দক্ষিণ আফ্রিকার ওআর ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে যাওয়ার জন্য উড়ার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। এ সময় বিমানের ডান পাখা বিমানবন্দরের একটি কার্যালয় ভবনের সঙ্গে ধাক্কা খায়। এতে চারজন আহত হয়েছে।

দক্ষিণ আফ্রিকান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার দিনশেষে বোয়িং ৭৪৭ বিমানটি বিমানবন্দরের ট্যাক্সি ওয়েতে চলে গিয়েছিল।

বিবিসি জানায়, বিমানটিকে নির্ধারিত রানওয়ে ব্যবহার করতে বললেও সেটি পথ ভুল করে বলে জানিয়েছেন নিয়ন্ত্রণ টাওয়ারের মুখপাত্র।

দুর্ঘটনায় বিমানবন্দরের কার্যালয় ভবনের চারজন কর্মী আহত হলেও বিমানের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনার পর বিমানটি সরিয়ে নেওয়া হয়েছে, তবে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার বিমানবন্দর কোম্পানি ‘এসিএসএ’।