২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী রেজিস্ট্রেশন কেন্দ্র ঘেরাও থাই বিক্ষোভকারীদের

সরকার ঘোষিত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ইচ্ছুক প্রার্থীদের রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত একটি স্টেডিয়াম ঘেরাও করেছে থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

নির্বাচন হওয়ার আগে রাজনৈতিক সংস্কার করা দরকার বলে দাবি করেন তারা।

সোমবার রাজধানী ব্যাংককে অবস্থিত থাই-জাপান স্টেডিয়াম অবরোধ করে তারা, জানিয়েছে বিবিসি।

নির্বাচনে অংশগ্রহণেচ্ছু সম্ভাব্য প্রার্থীদের রেজিস্ট্রেশন করার স্থান হিসেবে স্টেডিয়ামটি বেছে নেয়া হয়েছিল।

সোমবার থেকে রেজিস্ট্রেশন শুরু হওয়ার কথা ছিল।

রোববার এই স্টেডিয়ামটি অবরোধের জন্য অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন ডেমক্রেটিক পার্টির সাবেক জ্যেষ্ঠ নেতা বর্তমানে বিক্ষোভাকারীদের নেতা সুথেপ থাউগসুবান।

রোববার সরকারের পদত্যাগের দাবিতে হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী ব্যাংককের রাস্তায় জমায়েত হয়েছিল। তাদের উদ্দেশ্যে থাউগসুবান বলেছিলেন, “আমরা নির্বাচনে রাজী নই। আমরা নির্বাচনের আগে দেশে সংস্কার চাই।”

বিক্ষোভকারীদের এসব কার্যক্রমের মুখে তাদের “গণতান্ত্রিক পদ্ধতির” প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

বিরোধীদলের ব্যাপক সরকারবিরোধী আন্দোলনের মুখে চলতি ডিসেম্বরে পার্লামেন্ট ভেঙে দিয়ে ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন তিনি।

কিন্তু প্রধান বিরোধীদল ডেমক্রেটিক পার্টি নির্বাচন বয়কট করবে বলে ঘোষণা দিয়েছে।