আলেপ্পোতে সরকারি বাহিনীর বোমা হামলায় নিহত ৪২
সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে চালানো বোমা হামলায় শিশুসহ অন্ততপক্ষে ৪২ জন নিহত হয়েছেন।
রোববারের এ হামলায় “ব্যারেল বোমা” ব্যবহার করা হয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।
গোষ্ঠীটি জানায়, ওই দিন আলেপ্পোর কয়েকটি এলাকায় আলাদা আলাদা আকাশ হামলা চালানো হলেও আলপ্পো শহরের পূর্ব অংশের হানানোতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। এখানে নিহতদের মধ্যে ছয় শিশুও আছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
অবজারভেটরির রামি আব্দেল রাহমান বলেন, “হানানোর একটি রাস্তায় চলমান একটি গাড়িবহরের ওপর তারা আঘাত করে, এতে অনেক গাড়ি ধ্বংস হয়। এই বহরে বেসামরিক লোকজনও ছিল।”
ব্যারেল বোমা বিশেষভাবে তৈরি এক ধরনের বোমা, এগুলোতে বিস্ফোরক ভর্তি সিলিন্ডার অথবা তেলের ড্রাম ব্যবহার করা হয়। প্রায় সময়ই এগুলো হেলিকপ্টারের পেছন দিয়ে গড়িয়ে ফেলে দেয়া হয় এবং এগুলোর সাধারণত কোনো নির্দিষ্ট লক্ষ্যস্থলও থাকে না। এসব বোমা ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি করার ক্ষমতা রাখে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহীদের গত আড়াই বছরের গৃহযুদ্ধে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহী দখলকৃত এলাকায় সরকারি বাহিনী প্রায়ই আকাশ হামলা চালিয়ে থাকে।
২০১২’র গ্রীষ্মকাল থেকে দেশটির আলেপ্পো প্রদেশের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল দখল করে রেখেছে বিদ্রোহীরা। এরপর থেকে সরকারি বাহিনী এলাকা দু’টি পুনরুদ্ধারে বারবার হামলা চালিয়ে আসলেও সফলকাম হতে পারেনি।
