২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশদ্রোহের বিচার বন্ধে জাতিসংঘে মুশাররফের আবেদন

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে দেশদ্রোহের মামলায় বিচার থেকে রক্ষায় সহায়তা করতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন তার আইনজীবীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Dec 2013, 10:29 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

লন্ডন থেকে আন্তর্জাতিক আইনজীবীদের একটি দলের এ আবেদনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে এ বিচার বিলম্বিত করা কিংবা বন্ধ করতে বলার আহ্বান জানানো হয়েছে জাতিসংঘকে।

তাছাড়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের দেশগুলোর কাছেও আইনজীবীরা একই আবেদন জানিয়েছেন।

পাকিস্তানে ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি করে মুশাররফ সংবিধান লঙ্ঘন করেছিলেন অভিযোগে তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছে সরকার। এ মামলায় ২৪ ডিসেম্বর তার বিচার শুরুর কথা রয়েছে। বিচারে দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ডও হতে পারে।

মুশাররফের আইনজীবীরা বলছেন, মুশাররফের পক্ষে যুক্তি দেখিয়ে তারা জাতিসংঘে একটি প্রতিবেদন দাখিল করেছেন। এতে বলা হয়েছে, ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থান ঘটিয়ে নওয়াজ শরীফকে উৎখাতের প্রতিশোধ নিতেই তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

মামলার বিচারক যারা আছেন তাদেরকে বাছাই করেছেন প্রধানমন্ত্রী শরীফই। ফলে মুশাররফ ন্যায়বিচার পাবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাসীন হওয়ার পর ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানে শাসন পরিচালনা করেন মুশাররফ। পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার মুশাররফকে পদত্যাগে বাধ্য করে। এরপরই নির্বাসনে চলে যান তিনি।

এ বছর মার্চে পাকিস্তানে নির্বাচনে অংশ নিতে দেশে ফেরেন মুশাররফ। কিন্তু তার বিরুদ্ধে নানা মামলার কারণে তাকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করা হয়।