দক্ষিণ সুদানকে ওবামার হুঁশিয়ারি
দক্ষিণ সুদানে সামরিক শক্তি ব্যবহার করে ক্ষমতা দখলের কোনোরকম চেষ্টা চললে দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
শনিবার দক্ষিণ সুদানের একটি এলাকা থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়ার চেষ্টার সময় বিমানে গুলির ঘটনায় চার মার্কিন সামরিক সদস্য আহত হওয়ার পর দেশটিতে অবস্থানরত মার্কিন কর্মকর্তা এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাদের আহ্বান জানিয়েছেন ওবামা।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার দক্ষিণ সুদানে আমেরিকান নাগরিকদের উদ্ধার অভিযানে গেলে তাদের বিমান লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
জংলি প্রদেশের প্রশাসনিক কেন্দ্র বোর অভিমুখী দুটি মার্কিন বিমানে বিদ্রোহী সেনারা গুলি ছুড়ে। এতে তিন জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় এপি।
ওবামা এ বিষয়টি নিয়ে দেশের জাতীয় নিরাপত্তা টীমের সঙ্গে আলোচনা করেছেন এবং দক্ষিণ সুদানের নেতাদেরকে দেশটিতে মার্কিনীদের নিরাপত্তা রক্ষার দায়িত্বের বিষয়ট স্মরণ করিয়ে দিয়েছেন।
সামরিক শক্তি ব্যবহার করে অভ্যুত্থান ঘটানোর যেকোনো চেষ্টা করা হলে তা দেশটিতে যুক্তরাস্ট্রসহ আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা বন্ধ করে দেবে বলে হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে।
২০১১ সালে স্বাধীনতা লাভের পর থেকে দক্ষিণ সুদানে সংঘর্ষ বাড়ছে। গত সপ্তাহে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার জন্য দেশটির প্রেসিডেন্ট সালভা কির তার সাবেক সহকারী রিক ম্যাকারকে দায়ী করেন।
এরপর থেকেই ম্যাকারের জাতিগত দল নুয়ের সঙ্গে প্রেসিডেন্ট কিরের জাতিগত দল দিনকার মধ্যে সহিংসতা চলছে। সহিংসতায় ৫শ’র বেশি মানুষ নিহত হওয়ার খবর এসেছে।
ম্যাকারের অনুসারীরা বুধবার গুরুত্বপূর্ণ বোর শহর দখল করে নেয়।
২০১১ সালে দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার আগে সুদানে ২২ বছরের গৃহযুদ্ধে ১০ লাখেরও বেশি মানুষ নিহত হয়।
