বার্লিনে পরিবারের সান্নিধ্যে খোদোরকোভস্কি
জেল থেকে ছাড়া পাওয়ার একদিন পর শনিবার বার্লিনে পরিবারের সঙ্গে সাক্ষাত করেছেন রাশিয়ার সাবেক ধনাঢ্য তেল ব্যবসায়ী মিখাইল খোদোরকোভস্কি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচিত সমালোচকদের একজন খোদোরকোভস্কি দীর্ঘ ১০ বছর কারাবন্দী থাকার পর শুক্রবার মুক্তি পান।
প্রেসিডেন্টের ক্ষমতা বলে পুতিন ৫০ বছর বয়সী খোদোরকোভস্কিকে ক্ষমা করে দিলে সুমেরুবৃত্তের কাছে একটি দুর্গম কারাগার থেকে ছাড়া পাওয়ার পরপরই বার্লিনের পথে দেশ ত্যাগ করেন তিনি।
যুক্তরাষ্ট্র থেকে বার্লিনে আসা খোদোরকোভস্কির ছেলে পাভেল খোদোরকোভস্কি অ্যাডলন হোটেলের বাইরে সাংবাদিকদের বলেন, “আমাদের পরিবার শেষ পর্যন্ত একত্রিত হয়েছে। ১০ বছর আলাদা থাকার পর একত্রিত হতে পেরে আমরা খুব খুব খুশি।”
২০০৩ সালের অক্টোবরে জালিয়াতি ও করফাঁকি দেয়ার অভিযোগে খোদোরকোভস্কিকে গ্রেপ্তার করা হয়। অর্থ কেলেঙ্কারি সংক্রান্ত অপরাধে তাকে দুইবার দোষী সাব্যস্ত করা হয়। যদিও বরাবরই তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
মুক্তি পাওয়ার পর রাশিয়ার ম্যাগাজিন দ্য নিউ টাইমস কে প্রথম সাক্ষাৎকার দেন খোদোরকোভস্কি।
সাক্ষাৎকারে তিনি বলেন, “১০ বছরের মধ্যে চার বছর প্রতি কোয়ার্টারে একদিন করে বছরে মোট তিন দিন আমি সাক্ষাৎকার কক্ষে রাত কাটানোর সুযোগে পেয়েছি।”
খোদোরকোভস্কি বিরোধীদলকে তহবিল সরবরাহ করে পুতিনের ক্ষোভের মুখে পড়েছিলেন বলে মনে করেন ক্রেমলিনের সমালোচকরা।
এদিকে খোদোরকোভস্কির সমর্থদের দাবি, রাজনৈতিকভাবে পুতিনকে চ্যালেঞ্জ জানানোর ফল স্বরূপ ইউকোস ওয়েল কোম্পানির প্রধানকে কারাগারে যেতে হয়েছিলো।
খোদোরকোভস্কির তেল সম্রাজ্যেকে রাষ্ট্রিয় নিয়ন্ত্রণে এনে এই ক্ষেত্রের শীর্ষ থেকে নিম্ন পর্যায়ের সব ব্যবসায়ীকে পুতিনের পক্ষ থেকে সতর্ক বার্তাও দেয়া হয়েছিলো বলে মনে করেন বিশ্লেষকরা।
খোদোরকোভস্কির গ্রেপ্তারের পর ইইউকোস ভেঙ্গে পড়ে ও বিক্রি হয়ে যায়। এর প্রধান অংশ এখন রাষ্ট্রীয় তেল কোম্পানি রসনেফ্ট এর নিয়ন্ত্রণে। এর প্রধানের দায়িত্বে আছেন পুতিনের মিত্র ইগোর সেচিন।
