ফ্রান্সে চীনা ধনকুবেরসহ ৪ জনের মৃত্যুর আশঙ্কা
ফ্রান্সে প্রাসাদসহ একটি আঙুর বাগান কেনার পর হেলিকপ্টারযোগে সেটি ঘুরে দেখতে গিয়ে দুর্ঘটনায় পড়ে নিখোঁজ রয়েছেন এক চীনা ধনকুবের। তিনিসহ হেলিকপ্টারের চার আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বোর্দোতে এ ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে বিবিসি।
চীনা ওই ধনকুবেরের নাম লাম কক। ৪৬ বছর বয়সী কক হংকংয়ের একজন চা ব্যবসায়ী।
হেলিকপ্টারে লাম ছাড়াও তার বারো বছর বয়সী ছেলে, প্রাসাদের সাবেক মালিক জেমস গ্রেগরি এবং একজন দোভাষী ছিলেন।
হেলিকপ্টারটি পাশের দদোর্জেন নদীতে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্ীরা জানিয়েছেন।
পুলিশ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পেলেও শেষ খবর পাওয়া পযর্ন্ত হেলিকপ্টারের নিখোঁজ আরোহীদের কাউকে খুঁজে পায়নি।
নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে প্যারিসস্থ চীনা দূতাবাসের কর্মকরতারা উপস্থিত আছেন।
ষোড়শ শতকে নির্মিত বোর্দোর লা রিভিয়েরি প্রাসাদটি লাম ককের কাছে বিক্রি করা হয়েছে নিশ্চিত করার পর শুক্রবার থেকে প্রাসদটিতে উদযাপন পরব শুরু করা হয়েছিল।
বিশাল আঙুর বাগানসহ ১শ ৬০ একরের দে লা রিভিয়েরি’র মালিকানা বদলের ঘটনাটি স্থানীয়ভাবে বেশ প্রচার পেয়েছিল। আঙুর বাগানের পাশাপাশি এখানে একটি চায়ের বাগানও গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন লাম।
ওই দিন পরিচয় পর্ব ও সংবাদ সম্মেলন শেষ করে লামকে হেলিকপ্টার যোগে এলাকাটি ঘুরে দেখানোর প্রস্তাব দেন সাবেক মালিক গ্রেগরি। হেলিকপ্টারে ওঠার আগে ‘ভয় করছে’ বলে পিছিয়ে যান লামে স্ত্রী।
সন্তান ও দোভাষীসহ হেলিকপ্টারে ওঠেন লাম। গ্রেগরি নিজেই হেলিকপ্টারটি চালাচ্ছিলেন। কিছুক্ষণ পর প্রত্যক্ষদর্শীরা এসে জানান, হেলিকপ্টারটি নদীতে বিধ্বস্ত হয়েছে।
