২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোসাদের প্রশিক্ষণ’ নিয়েছিলেন ম্যান্ডেলা

বর্ণবাদবিরোধী লড়াইয়ের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা পরিচয় গোপন করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়েছিলেন বলে যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Dec 2013, 06:30 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

ইসরায়েলের রাষ্ট্রীয় তথ্য সংগ্রহশালায় পাওয়া এক গোপন চিঠির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত শতকের ষাটের দশকে ইথিওপিয়ায় মোসাদ সদস্যের কাছ থেকে অস্ত্র চালনা ও নাশকতার প্রশিক্ষণ নিয়েছিলেন ম্যান্ডেলা।

১৯৬২ সালে ওই প্রশিক্ষণের সময় ম্যান্ডেলার আসল পরিচয় জানা ছিল না মোসাদের। সামরিক প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি দেশে-বিদেশে ইহুদিদের প্রতি সহানুভূতি তৈরিতে প্রচারণা চালানোর জন্যও তাকে উৎসাহিত করা হয়।

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ম্যান্ডেলার মৃত্যুর  দুই সপ্তাহ পর রাষ্ট্রীয় সংগ্রহশালায় সংরক্ষিত ওই চিঠি প্রকাশ করেছে ইসরায়েলি পত্রিকা হারতেজ।

দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে সংগ্রামরত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের পক্ষে বিশ্ব জনমত তৈরিতে ১৯৬২ সালে আফ্রিকার বিভিন্ন দেশ সফর করেন ম্যান্ডেলা।

এ সময় ইথিওপিয়া সফরে ম্যান্ডেলা নিজের পরিচয় গোপন করে ইসরায়েলি দূতাবাসের কাছে সহযোগিতা চান বলে ওই চিঠিতে বলা হয়। ১৯৬২ সালের অক্টোবরে দূতাবাস থেকে ‘অতি গোপনীয়’ হিসেবে চিহ্নিত করে ইসরায়েলে চিঠিটি পাঠানো হয়।

চিঠির শিরোনাম করা হয় ‘ব্লাক পিম্পারনেল’, যা মূলত ম্যান্ডেলাকে বোঝাতে ব্যবহার করতো দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যম।

ওই চিঠির উদ্ধৃতি দিয়ে হারতেজের প্রতিবেদনে বলা হয়, “তুমি হয়তো মনে করতে পারবে, তিন মাস আগে আমরা একজন প্রশিক্ষণার্থীকে নিয়ে কথা বলেছিলাম যিনি রোডেশিয়া থেকে আগত ডেভিড মোবসারি পরিচয় দিয়ে ইথিওপিয়ায় আমাদের দূতাবাসে এসেছিলেন।

“তিনি ইথিওপিয়ানদের (মোসাদের এজেন্ট) কাছ থেকে জুডো, নাশকতা ও অস্ত্র চালনার বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন।”

এতে আরো বলা হয়, ওই ব্যক্তি ইহুদিদের আধা সামরিক বাহিনী হাগানাহর কর্মপদ্ধতি নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন।  উনিশ শতকের তিরিশ ও চল্লিশের দশকে ব্রিটিশ শাসন এবং ফিলিস্তিনের আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র লড়াইসহ ইসরায়েলি বিভিন্ন গোপন তৎপরতা পরিচালনা করতো হাগানাহ।

চিঠিতে বলা হয়, “ইহুদি ও ইসরায়েলের সমস্যা সম্পর্কে জ্ঞাত ছিলেন তিনি এবং বুদ্ধিবৃত্তিকভাবে সংকট মোকাবেলার পরামর্শ দেন। আমাদের কর্মীরা তাকে ইহুদিবাদে বিশ্বাসী করার চেষ্টা করেন। কথোপকথনে তিনি সমাজতান্ত্রিক চিন্তা-ধারা তুলে ধরেন।

“দক্ষিণ আফ্রিকায় ‘ব্লাক পিম্পারনেল’কে গ্রেপ্তারের পর সংবাদপত্রে যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে ওই ব্যক্তি এবং রোডেশিয়া থেকে আসা সেই প্রশিক্ষণার্থী একই ব্যক্তি।”

হারতেজের বক্তব্য অনুযায়ী, ওই চিঠিতে একটি হাতে লেখা নোটে ‘ব্লাক পিম্পারনেলকে’ ম্যান্ডেলা বলে নিশ্চিত করা হয়।

ইসরায়েলি পত্রিকাটি বলেছে, অনেক বছর ধরে ওই চিঠি রাষ্ট্রীয় সংগ্রহশালায় ছিল। ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার সম্পর্ক নিয়ে গবেষণা করতে গিয়ে সম্প্রতি এক শিক্ষার্থী এই চিঠির খোঁজ বের করেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি নথির বরাত দিয়ে ১৯৬২ সালে ইথিওপিয়ায় তাদের কর্মকর্তাদের সঙ্গে ম্যান্ডেলার বৈঠকের কথা নিশ্চিত করা হয়েছে। তবে মোসাদের সঙ্গে সম্পর্ক বা তার প্রশিক্ষণ গ্রহণ নিয়ে কিছু বলা হয়নি।