দেবযানীর শাস্তির দাবিতে বিক্ষোভ
দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠনগুলোর কর্মীরা।
তারা ২০ ডিসেম্বর নিউ ইয়র্ক, সানফ্রান্সিসকো এবং ওয়াশিংটনে ভারতীয় কনস্যুলেটের সামনে বিক্ষোভ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগকে ধন্যবাদ জানান।
‘ন্যাশনাল ডমেস্টিক ওয়ার্কার্স এলায়েন্স’আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে হংকং এবং ভারতেও মানববন্ধন করেছেন গৃহকর্মীরা। নিউইয়র্কের বিক্ষোভে স্লোগান ছিল ‘ডিপ্লম্যাট ইম্যুনিটি-উই স্যা একাউন্টেবিলিটি, ‘ওয়ার্কার্স আর আন্ডার এটাক-স্ট্যান্ড আপ ফাইট ব্যাক, ‘দ্য পিপল ইউনাইটেড-উইল নেভার বি ডিফিটেড, ‘ডিগনিটি ইয়েস-স্লেভারি নো, ‘ফ্রি ডমেস্টিক ওয়ার্কার্স-এ্যান্ড দ্য স্লেভারি, ‘হুয়াট ডু উই ওয়ান্ট-জাস্টিস জাস্টিস, ‘ওয়ার্কার্স রাইটস আর হিউম্যান রাইটস, ‘জাস্টিস ফর ডমেস্টিক ওয়ার্কার্স, ‘ডাজ ইম্যুনিটি প্রটেক্ট হিউম্যান রাইটস ভায়োলেটর, ‘নো টু লেবার ট্রাফিকিং-নো টু মডার্ন স্লেভারি’, ইত্যাদি।
নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক সংলগ্ন ভারতীয় কন্স্যুলেটের সামনের এ বিক্ষোভে ৬০ জনের মত মহিলা অংশ নিলেও সে সংবাদ কভার করতে জড়ো হয়েছিলেন শতাধিক টিভি ও সংবাদপত্রের সাংবাদিক ও ক্যামেরাম্যান।
বাংলাদেশ, নেপাল, ভারত, ফিলিপাইন, পাকিস্তান এবং মধ্য আমেরিকার কয়েকটি দেশের গৃহকর্মী এবং মানবাধিকার নিয়ে কর্মরতরা এতে অংশ নেন। এ সময় ভারতীয় কন্স্যুলেটের উপপ্রধান দেবযানী খোবরাগাড়ের মিথ্যাচারের সমালোচনা করা হয়।
অভিযোগ করা হয় যে, দেবযানীর বাসায় কাজের চুক্তির সময় গৃহকর্মী সঙ্গীতা রিচার্ডকে ঘন্টায় পৌণে ১০ ডলার করে বেতন দেয়ার অঙ্গীকার করা হলেও বাস্তবে দেয়া হয় ৩.৩১ ডলার করে। এভাবে সঙ্গীতাকে ঠকানো হয়েছে দিনের পর দিন। তার পাসপোর্ট আটক রাখা হয় এবং মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।
বক্তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত সংস্থা এবং নিউইয়র্কের ইউএস অ্যাটর্নি প্রিত ভ্যারারার প্রশংসা করে বলেন, তারা ন্যায়নিষ্ঠভাবে সঙ্গীতার অভিযোগকে গুরুত্ব দিয়েছেন। অভিযোগের সত্যতা পেয়েই তারা দেবযানীকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর প্রচলিত রীতি অনুযায়ী কারাগারে প্রবেশের সময় তার দেহ তল্লাশি করা হয়।
বক্তারা বলেন, কূটনৈতিক সুবিধায় কি উল্লেখ রয়েছে যে, কারো সাথে প্রতারণা এবং দুর্ব্যবহার করলেও তা বিচারের আওতায় আসবে না? বক্তারা অভিযোগ করেন যে, সঙ্গীতার আত্মীয়-স্বজনকে ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে মামলা তুলে নেয়ার জন্য। ইন্টারপোলের মাধ্যমে সঙ্গীতাকেও ভারতে ফিরিয়ে নেয়ার তৎপরতা চলছে। কিন্তু মামলা শেষ না হওয়া পর্যন্ত সঙ্গীতাকে যেন নিউইয়র্কের বাইরে নেয়া না হয়-সে দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, নিউইয়র্কে কূটনৈতিক পাড়াসহ বিভিন্ন বাসায় ২ লক্ষাধিক গৃহকর্মী রয়েছেন। সারা আমেরিকায় এ সংখ্যা হচ্ছে ২৫ লাখের মত। এরা বহু বছর যাবত নিগৃহীত হচ্ছিলেন। কেউ তাদের অভিযোগ কর্ণপাত করেনি। এমনকি গৃহকর্মীদের মানবাধিকারও ছিল উপেক্ষিত।
১৯৯৯ সালে সর্বপ্রথম জাতিসংঘে বাহরাইনের এক কূটনীতিকের বাসা থেকে উদ্ধার করা হয় বাংলাদেশী শামিলা বেগমকে। শামিলার সাথে অকথ্য আচরণ এবং পারিশ্রমিক নিয়ে প্রতারণার তথ্য ফাঁস করে উত্তর আমেরিকায় বাংলা ভাষার সর্বাধিক প্রচারিত ‘ঠিকানা’ পত্রিকা। ‘ঠিকানা’র সূত্র ধরে নিউইয়র্ক টাইমস বিশাল একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের ঊর্দ্ধতন কর্মকর্তাদের অমানবিক আচরণের প্রসঙ্গ জনসমক্ষে প্রকাশ করে।
এরপরই দক্ষিণ এশিয়ান-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন ‘আন্দোলন’র নির্বাহী পরিচালক নাহার আলম নিউইয়র্কের পুলিশের সহায়তায় শামিলা বেগমকে উদ্ধার করেন। শুরু হয় গৃহকর্মীদের জন্যে আইন তৈরির আন্দোলন। কংগ্রেস, স্টেট পার্লামেন্ট এবং সিটি কাউন্সিলে দেন-দরবার করেন নাহার আলমসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়েও দেন-দরবার চলে মাসের পর মাস।
এরইমাঝে আরো কিছু গৃহকর্মী পালিয়ে আত্মরক্ষা করেন এবং আশ্রয় নেন কয়েকটি মানবাধিকার সংস্থায়। অবশেষে ২০১১ সালে যুক্তরাষ্ট্রে ‘ডমেস্টিক ওয়ার্কার্স বিল অব রাইটস’ নামে একটি বিধি তৈরী হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় এ কূটনীতিককে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
