২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনৈতিক সঙ্কট সমাধানে জাতিসংঘের দ্বারে ভারত

ভিসার আবেদনে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গ্রেপ্তার হওয়া ভারতীয় কূটনীতিকের মর্যাদা নিশ্চিত করার জন্য জাতিসংঘের কাছে আর্জি জানিয়েছে ভারত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Dec 2013, 12:46 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৃষ্ট কূটনৈতিক সঙ্কট মেটাতেই ভারত এমন উদ্যোগ নিয়েছে বলে মনে করছে পশ্চিমা বিশ্লেষকরা।

শুক্রবার ভারতের কাছ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে বলে জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন।

ভারতীয় কূটনীতিক দেবযানীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কোনো আপত্তি উত্থাপন না করলেও তাকে গ্রেপ্তার ও তার সঙ্গে যুক্তরাষ্ট্র প্রশাসনের আচরণে তীব্র আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে ভারত।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, দেবযানীকে তার সন্তানের স্কুলের সামনে থেকে গ্রেপ্তার করার সময় হাতকড়া পরানো হয়েছে, পুলিশ দপ্তরে নিয়ে তাকে বিবস্ত্র করে তল্লাশি চালানো হয়েছে এবং হাজতে যৌনকর্মী ও মাদকাসক্তদের সঙ্গে রাখা হয়েছে।

ভারতের দাবি, জেনেভা কনভেনশন অনুযায়ী কূটনীতিক মর্যাদার কারো সঙ্গে এমন আচরণ করতে পারেনা যুক্তরাষ্ট্র প্রশাসন।

তাই এ বিষয়ে জাতিসংঘের কাছে নালিশ জানিয়ে দেবযানীকে ভারতের জাতিসংঘ মিশনের স্থায়ী সদস্য হিসেবে স্বীকৃতি দেয়ার অনুরোধ জানিয়েছে দেশটি।

জাতিসংঘের এই স্বীকৃতি মিললে কূটনৈতিক ছাড় পাওয়ার ক্ষেত্রে দেবযানীর অবস্থান আরো সবল হবে বলে ধারণা করা হচ্ছে।

দেবযানীর গ্রেপ্তারে ক্ষুব্ধ ভারত তার বিরুদ্ধে আনা সব অভিযোগের প্রত্যাহার চায়। এ বিষয়ে ক্ষুব্ধ ভারতীয় প্রতিবাদকারীরা শুক্রবার মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি রেস্তোরাঁয় চড়াও হয়ে ভাংচুর চালায়।

দেবযানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি তার নিউইয়র্কের বাসায় কর্মরত ভারতীয় গৃহকর্মীর বিষয়ে ভিসা ঘোষণায় মিথ্যা তথ্য দিয়েছেন এবং গৃহকর্মীকে যুক্তরাষ্ট্রের বেধে দেয়া ন্যূনতম মজুরি থেকেও কম মজুরি দিতেন।