সিরিয়ার অস্ত্র ধ্বংসে সহায়তা করবে যুক্তরাজ্য
সিরিয়ার কিছু রাসায়নিক অস্ত্র একটি বাণিজ্যিক এলাকায় নিয়ে ধ্বংস করায় সহায়তা করতে রাজি হয়েছে যুক্তরাজ্য।
তাছাড়া, স্ক্যান্ডেনেভিয় জাহাজে করে অস্ত্রগুলো নিরাপদে বন্দরে পৌঁছানোর ব্যবস্থাও নেয়া হবে বলে শুক্রবার জানিয়েছে ব্রিটিশ সরকার।
সিরিয়া থেকে ১৫০ টন রাসায়নিক অস্ত্র জাহাজ বোঝাই করে যুক্তরাজ্যের বন্দরে নিয়ে যাওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্রদপ্তর।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠনে ১৩০০ টন রাসায়নিক অস্ত্রের হিসাব দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চুক্তিতে নির্ধারিত সময়সীমা অনুযায়ী, রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য সিরিয়ার হাতে সময় আছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আর ২০১৪ সালের মাঝামাঝি নাগাদ তাদেরকে পুরো রাসায়নিক অস্ত্র কর্মসূচি নির্মূল করতে হবে।
রাসায়ানিক অস্ত্র এবং এ অস্ত্র তৈরির যন্ত্রপাতি নির্মূল করলে সিরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এড়াতে পারবে।
গত ২১ অগাস্টে দামেস্কে বিষাক্ত গ্যাস হামলার অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছিল।
