সমকামিতা রায় পুনর্বিবেচনার আবেদন ভারত সরকারের
সমকামিতাকে দণ্ডনীয় অপরাধ ঘোষণার রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভারত সরকার।
শুক্রবার ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা নিয়ে রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছেন অ্যাটর্নি জেনারেল।
গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি (আইপিসি)’র ৩৭৭ ধারায় সমকামিতাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করে। এ ধারা অনুযায়ী, সমকাম অস্বাভাবিক এবং প্রকৃতি বিরুদ্ধ হওয়ায় সমকামিদের ১০ বছর পর্যন্ত জেলের বিধান রয়েছে। এ আইনটি ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়কার।
২০০৯ সালে দিল্লি হাইকোর্টের দেয়া বিতর্কিত রায় নাকচ করে পুনর্বহাল করা হয় ১৫৩ বছর আগের আইন।
এ রায়ের ফলে সমকামিতা ফের অপরাধ হিসাবে গণ্য হওয়ায় রায়টি ঘোষণার পরই প্রতিবাদে সরব হয় বিভিন্ন সমকামী সংগঠন। এ বিরোধিতার মুখে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়া হয়।
রায়ের বিপক্ষে কারণ দেখিয়ে আবেদনে বলা হয়েছে, রায়টি মৌলিক অধিকারের কয়েকটি ধারার পরিপন্থি। বহু পুরোনো এ আইনকে সেকেলে বলেও উল্লেখ করা হয়েছে আবেদনে।
