নীরবতা ভাঙলেন পারভেজ মুশাররফ
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফ এ বছরের শুরুর দিকে গৃহবন্দি হওয়ার পর থেকে এই প্রথম জনসম্মুখে কথা বলে নীরবতা ভেঙেছেন।
বৃহস্পতিবার রাতে দু’টি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে মুশাররফ তার ৯ বছরের শাসনামল সম্পর্কে সাফাই গেয়েছেন।
মুশাররফের বিরুদ্ধে খুন এবং বিচারবিভাগের কার্যক্রমে বাধা সৃষ্টি করার অভিযোগ আছে। সব মামলাতেই তাকে জামিন দেয়া হলেও দেশদ্রোহের মামলায় আগামী সপ্তাহে তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে।
নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ইসলামাবাদের বাসভবনেই থাকছেন মুশাররফ। বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকা ব্যক্তিদের তালিকায় আছে তার নাম।
২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির অভিযোগে মুশাররফের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা রয়েছে।
কিন্তু পাকিস্তানের এআরওয়াই টিভি চ্যানেলে মুশাররফ কোনো ভুল কাজ করেননি বলে দাবি করেন। তিনি বলেন, “ইনশাল্লাহ আমি সব চাপ কাটিয়ে উঠতে পারব। কারণ, আমি নিশ্চিত যে ভুল কোনো কিছুই আমি করিনি। আমি যা কিছু করেছি তা পাকিস্তান আর এর জনগণের ভালর জন্য করেছি”।
“আমি সব মামলারই মোকাবেলা করব। পালিয়ে যাব না।”
১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতায় আসেন মুশাররফ।২০০৮ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার মুশাররফকে পদত্যাগে বাধ্য করে। এরপরই নির্বাসনে চলে যান তিনি।
এ বছর মার্চে পাকিস্তানে নির্বাচনে অংশ নিতে দেশে ফেরেন মুশাররফ। কিন্তু তার বিরুদ্ধে নানা মামলার কারণে তাকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করা হয়।
