মুক্তি পেলেন রাশিয়ান ধনকুবের খোদোরকভস্কি
দীর্ঘ প্রায় এক দশক কারাভোগের পর জেল থেকে মুক্তি পেলেন রাশিয়ার ধনকুবের মিখাইল খোদোরকভস্কি।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সুপরিচিত এই বিরোধীকে ক্ষমা করছেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হঠাৎ করেই পুতিন অবিলম্বে খোদোরকভস্কিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন।
পুতিন বলেন, “এরই মধ্যে তিনি ১০ বছরের বেশি কারাভোগ করেছেন। এটা ভয়াবহ শাস্তি।”
খোদোরকভস্কির মা অসুস্থ এবং এই কারণে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন জানিয়ে পুতিন আরো বলেন, “আমি তার মায়ের বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। তাকে ক্ষমা করার আদেশপত্রে সই করা হবে।”
‘পুসি রায়ট প্রটেস্ট’ দলের দুই সদস্যকেও ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।
একদশক আগে পুতিনের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েন ৫০ বছর বয়সী খোদোরকভস্কি। তার কোম্পানি ইইউকোস ভেঙে পড়ে এবং বিক্রি হয়ে যায়, অধিকাংশই রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যায়।
পরবর্তী সময়ে ২০০৩ সালে জালিয়াতি ও করফাঁকির অভিযোগে সাইবেরিয়ার একটি বিমানবন্দরের রানওয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খোদোরকভস্কির মুক্তির খবরে রাশিয়ার শেয়ার ১ শতাংশ বেড়ে যায়। যদিও দিন শেষে এটা আবার আগের অবস্থায় ফিরে যায়।
যদিও খোদোরকভস্কির আইনজীবীরা শুরুতে বলেছিলেন, তিনি ক্ষমা প্রার্থনা করেননি। পরে অবশ্য তার প্রতিনিধিরা জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে আলোচনার জন্য তারা কারাগারে খোদোরকভস্কির সঙ্গে দেখা করার চেষ্টা করেন।
ইইউকোস এর সাবেক প্রধান আইনজীবীদের একজন যিনি এখন লন্ডনে বসবাস করেন তিনি রয়টার্সকে টেলিফোনে এ ব্যাপারে বলেন, “পুতিন হলেন পুতিন, যুদ্ধ হলো যুদ্ধ, কিন্তু একজনের মা তার কাছে সব থেকে প্রিয়।”
তিনি ধারণা করছেন, নিজের আইনজীবীদের না জানিয়েই খোদোরকভস্কি হয়তো ক্ষমার আবেদন করেছেন।
খোদোরকভস্কির ছেলে পাভেল একে ‘খুবই খুশির খবর’ উল্লেখ করে বলেন, তিনি তার বাবার কথা শোনার চাইতে তার সঙ্গে কথা বলতেই বেশি আগ্রহী।
খোদোরকভস্কির এই আগাম মুক্তি কেউ অনুমান করতে পারেনি। বরং জোর গুঞ্জন ছিলো তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনা হতে পারে।
এর আগে ২০১০ সালে চুরি ও অর্থপাচারের দ্বিতীয় শুনানিতে তার সাজার মেয়াদ বাড়ানো হয়।
রাশিয়ার ব্যবসায়ী নেতারা এবং বিদেশি বিনিয়োগকারীরা ক্ষমার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
ব্যবসায়ী নেতা মিখাইল প্রোখোরভ বলেন, “এমন কিছু ঘটেছে যেটা আরো বেশ কয়েক বছর আগেই ঘটা উচিত ছিল।”
খোদোরকভস্কির সমর্থকদের দাবি রাজনৈতিক চ্যালেঞ্জ প্রতিহত করার জন্যই ২০০৫ সালে তাকে দণ্ডিত করা হয়।
ওই সময় তার তেল সম্রাজ্যের ওপর রাষ্ট্র নিয়ন্ত্রণ নেয়। তাকে দণ্ডিত করে অন্য তেলব্যবসায়ীদের সকর্ত করে দেয়া হয় যে, পুতিনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করা ঠিক হবে না।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই সময় খোদোরকভস্কিকে ‘বিবেকের বন্দি’ আখ্যা দিয়েছিল।
