দক্ষিণ সুদানে ভারতীয় শান্তিরক্ষী নিহত
দক্ষিণ সুদানের জঙলি রাজ্যে জাতিসংঘের কম্পাউন্ডে বিদ্রোহীদের হামলায় তিন ভারতীয় শান্তিরক্ষী নিহত হয়েছেন।
জাতিসংঘে নিযুক্ত ভারতীয় দূত অশোক মুখোপাধ্যায়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
নিউইয়র্কে জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক বৈঠকে ভারতীয় শান্তিরক্ষীদের মৃত্যুর কথা ঘোষণা করেন তিনি।
বৃহস্পতিবার দক্ষিণ সুদানের দ্বিতীয় বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠী নুয়েরের বিদ্রোহীরা জঙলির আকোবো শহরে অবস্থিত জতিসংঘের কম্পাউন্ডটিতে হামলা চালিয়ে তছনছ করে। তারা দিনকা নৃতাত্ত্বিক গোষ্ঠীর বেসামরিক অংশকে লক্ষ করে হামলাটি চালায়।
হামলার সময় কম্পাউন্ডটিতে ৪৩ জন ভারতীয় শান্তিরক্ষী ছিল বলে জানিয়েছেন অশোক।
জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানত তরুণ বয়সী হামলাকারীরা কম্পাউন্ডটিতে আশ্রয় নেয়া ৩২ জন দিনকা বেসামরিক ব্যক্তিকে লক্ষ করে চড়াও হয়।
হামলার পর কম্পাউন্ডটির নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সিলভা কির তার সাবেক সহযোগী উপরাষ্ট্রপতি রিয়েক মাখারের বিরুদ্ধে সেনা-অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগ আনার পর থেকে দেশটিতে সংঘর্ষ চলছে।
রোববার থেকে শুরু হওয়া ওই সংঘর্ষেপর্যন্ত ৫শ’ মানুষ নিহত হয়েছেন। প্রথমত রাজধানী জুবাতে সংঘর্ষ শুরু হলেও পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে।
প্রেসিডেন্ট কির, যিনি নিজেও একজন দিনকা, জাতিসংঘ কম্পাউন্ডে হামলার জন্য মাখারের সমর্থক একটি সেনাদলকে দায়ী করেছেন। মাখার নিজে একজন নুয়ের।
রোববার রাতে মাখারের অনুগত নুয়ের গোষ্ঠীর সেনা সদস্যরা একটি অভ্যুত্থান প্রচেষ্টার মাধ্যমে ক্ষমতা দখল করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন কির। তবে মাখার তা অস্বীকার করেছেন।
দক্ষিণ সুদানে দিনকা ও নুয়ের গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
