২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মনোরোগ হাসপাতালে’ ম্যান্ডেলার ইশারা ভাষা উপস্থাপক

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণসভায় অর্থহীন সব অঙ্গভঙ্গি করে সমালোচিত ও অভিযুক্ত ইশারা ভাষা উপস্থাপক থামসাংকা জ্যান্টজিয়েকে মনোরোগ হাসপাতালে ভর্তি করার কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 07:14 PM

Updated : 25 Apr 2022, 07:41 PM

শ্রবণ ও বাকপ্রতিবন্ধীদের জন্য নিয়োজিত এই ইশারা ভাষা উপস্থাপকের অঙ্গভঙ্গি সেদিন কেউই বোঝেনি। বিষয়টি নিয়ে প্রতিবন্ধীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে।

এ অভিযোগের মুখে থামসাংকা নিজেকে ইশারা ভাষায় অত্যন্ত দক্ষ বলে মন্তব্য করেন, তবে বলেন, অনুষ্ঠান চলাকালে তিনি হঠাৎ সিজোফ্রেনিয়ায় (মানসিক জটিলতা) আক্রান্ত হয়েছিলেন।

তার স্ত্রী সিজিউয়েও বলছেন, গত সপ্তাহে ওই অনুষ্ঠান চলাকালে তিনি (থামসাংকা) মানসিক সমস্যায় (সিজোফ্রেনিয়া) আক্রান্ত হয়ে থাকতে পারেন।

সিজিউয়ে মঙ্গলবার জোহানেসবার্গের কাছে তাকে একটি মনোরোগ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানে অবিলম্বে থামসাংকাকে ভর্তি করতে বলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে জোহানেসবার্গের ‘দ্য স্টার’ পত্রিকা।

ম্যান্ডেলার স্মরণসভার দিনই তার ডাক্তারি পরীক্ষার কথা থাকলেও সেদিন আর তা করা হয়নি বলে জানান থামসাংকা।

অনুষ্ঠানমঞ্চে সেদিন অবাস্তব সব আওয়াজ ও অলীক দৃশ্য অনুভব করছিলেন বলে জানান তিনি। এ ধরনের মানসিক জটিলতার কারণে তার ইশারাগুলো অর্থহীন অঙ্গভঙ্গিতে পরিণত হয়।

এতে বিশ্বজুড়ে ইশারা ভাষা দর্শকরা ক্ষুব্ধ হন। দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় বধির সংগঠন তার ওই পরিবেশনার নিন্দা জানায়।

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) বলছে, তারা এর আগে কয়েকবার থামসাংকাকে ইশারা ভাষা উপস্থাপক হিসাবে নিয়েছে। কিন্তু “এই উপস্থাপকের যোগ্যতা বা কাজ নিয়ে কোনো অভিযোগ কিংবা তার কোনো অসুস্থতার ব্যাপারে তারা ওয়াকিবহাল ছিল না”।