দক্ষিণ সুদানে গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে
দক্ষিণ সুদানে রোববারের ‘অভ্যুত্থান প্রচেষ্টা’র পর চলতে থাকা লড়াইয়ের মধ্যে বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ বোর শহর দখল করে নিয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ অগার বলেছেন, “আমাদের সেনারা রিয়েক ম্যাকারের বাহিনীর কাছে বোর শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে”।
প্রেসিডেন্ট সালভা কির সাবেক ভাইস-প্রেসিডেন্ট রিয়েক ম্যাকারের বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্র করার অভিযোগ করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ম্যাকার।
রাজধানী জুবায় শুরু হওয়া অস্থিরতায় নিহত হয়েছে অন্তত ৫শ’ মানুষ। আশঙ্কা সৃষ্টি হয়েছে সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার।
দক্ষিণ সুদানের স্বাধীনতার পর থেকেই কয়েকটি বিদ্রোহী দল হাতে অস্ত্র তুলে নিয়েছে। এ দলগুলোরই কোনো একটি বোর শহর দখলের অভিযানে জড়িত।
দেশটির দুটো প্রধান জাতিগত দল প্রেসিডেন্ট কিরের দিনকা এবং ম্যাকারের নুয়ের জাতিগত দলের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে জাতিসংঘ।
