থাইল্যান্ডে ফের রাজপথে সরকারবিরোধী বিক্ষোভকারীরা
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় নতুন করে বিক্ষোভ মিছিলে নেমেছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভকারীরা মিছিল করে। তবে এ মাসের শুরুর দিককার বিক্ষোভমিছিল গুলোর তুলনায় এ মিছিলে মানুষের সংখ্যা ছিল কম।
এ মাসের শুরুর দিকে দেশের সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রী ইংলাক আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন। আগামী ২ ফেব্রুয়ারিতে নির্বাচনে দিন নির্ধারণ করেছে সরকার।
কিন্তু বিক্ষোভকারীদের নেতা সুদেপ থাকসুবান কোনো ভোটের আগে নির্বাচনী সংস্কার চান এবং একটি গণপরিষদ গঠন করে তার অধীনে নির্বাচন চান।
থাইল্যান্ডের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, ব্যাংককের কেন্দ্রস্থলে দুপুরের দিকে প্রায় ৬ হাজার ৫শ মানুষ জমায়েত হয়। তাদেরকে সমর্থন দেয় বিভিন্ন অফিসকর্মী ও অন্যান্যরা।
ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের আরেকটি দল যুক্তরাষ্ট্রের দূতাবাস অভিমুখে মিছিল করে।যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখা এবং নির্বাচন অনুষ্ঠানের পক্ষ নিয়ে বিক্ষোভকারীদের রোষানলে পড়েছে।
বিক্ষোভকারীদের নেতা নিতিটর্ন লামলুলা মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টিন কেন্নিকে সরিয়ে দেয়ার দাবি জানান।
