মানবাধিকার কাউন্সিলে গুরুত্ব পাবে ‘ড্রোন’ হামলা
২০১৪ সালের মার্চে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে ড্রোন হামলার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
ড্রোন হামলা পরিচালনা করে, এমন দেশগুলোকে আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতি রেখে এই হামলা পরিচালনার আহবান জানিয়েছে জাতিসংঘ।
বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদ এই আহবান জানিয়ে একটি ঘোষণা গ্রহণ করেছে, যেখানে মানবাধিকার রক্ষার বিষয়ে জোর দেয়া হয়েছে বলে দ্য ডন জানিয়েছে।
এই প্রথমবারের মতো ড্রোন হামলার বিষয়ে কোন পদক্ষেপ নিল সাধারণ পরিষদ।
এ ধরনের অভিযান পরিচালনায় আইনি দিকগুলোর বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে জরুরী ভিত্তিতে একটি সমঝোতা হওয়া দরকার বলেও মনে করছে সাধারণ পরিষদ।
সদস্য দেশগুলোর প্রতি আহবান জানিয়ে জাতিসংঘ বলছে, “যার মধ্যে চালকবিহীন বিমান (ড্রোন) পরিচালনাসহ সন্ত্রাসবিরোধী যুদ্ধে যেকোন পদক্ষেপ বা ব্যবস্থা নেয়ার আগে, অবশ্যই তা আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘের সনদ, মানবাধিকার আইনসহ সংশ্লিষ্ট আইনের সাথে অবশ্যই তা সঙ্গতিপূর্ণ হতে হবে।”
“সন্ত্রাসবিরোধী যুদ্ধে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষা” শিরোনামের এই ঘোষণার ২৮টি অনুচ্ছেদ পরিষদের ১৯৩টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে। পাকিস্তান ডেলিগেশনের বিশেষ তৎপরতায় এখানে ড্রোন হামলার অংশটি অর্ন্তভুক্ত করা হয়।
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ার “ড্রোন”, যা মূলত পাকিস্তান এবং আফগানিস্তানের প্রত্যন্ত এলাকাগুলোতেই বেশি ব্যবহৃত হয়।
তবে এ ধরনের হামলায় আপত্তি করছে পাকিস্তান। চলতি বছর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া বক্তৃতায় ড্রোন হামলার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
তিনি বলেন, পাকিস্তানের সীমান্তে অব্যাহত ড্রোন হামলা তার দেশের সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে এবং বেসামরিক নাগরিকদের হত্যা করছে।
