২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীপক্ষের সঙ্গে বিরল বৈঠক মাদুরোর

বিরোধীদলকে চ্যালেঞ্জ জানিয়ে ভেনেজুলেয়ার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ২০১৬ সালে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বিরোধীদল চাইলে প্রয়োজনীয় সাক্ষর সংগ্রহের অভিযান চালাতে পারে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Dec 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

আর এর মধ্যবর্তী সময়ে বিরোধীদলকে তার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মাদুরো।

বুধবার প্রেসিডেন্টের ভবনে বিরোধীদলের সঙ্গে এক বিরল বৈঠকে তিনি এ চ্যালেঞ্জ জানান।

মাদুরো বলেন, “আমি আন্তরিকতার সঙ্গে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের সব ধরনের রাজনৈতিক অবস্থানকে সম্মান করি।“

“বড়দিনের এই প্রেরণাদায়ক উপলক্ষ্যে আমরা একটি নতুন অধ্যায়ে যেতে পারি। আমাদের পার্থক্য থাকবেই, তারপরও আমি আপনাদের আমার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।“

বৈঠক শুরু হওয়ার আগে মাদুরো তার প্রভাবশালী বিরোধী কারাকাসের মেয়র অ্যান্টনিও লেদেজমা ও ভ্যালেন্সিয়ার মেয়র মিগুয়েল কোচ্চিওলার সঙ্গে হাত মেলান। যদিও মাদুরো প্রায়ই ব্যঙ্গ করে লেদেজমাকে ‘রক্তচোষা’ এবং কোচ্চিওলাকে ‘চোর’ ও ‘অপরাধী’ বলতেন।

প্রেসিডেন্ট তাদের হুগো চ্যাভেজের লেখা উপহার দেয়ার প্রস্তাব দেন। সেই সঙ্গে সাবেক এই প্রেসিডেন্টের গাওয়া ভেনেজুয়েলার জাতীয় সঙ্গীত বাজিয়ে শোনান। ক্যান্সারে আক্রান্ত হয়ে চলতি বছরের মার্চে মারা গেছেন চ্যাভেজ।

মাদুরোর মেয়াদের মাঝপথে নতুন করে গণভোটের আহ্বান করতে হলে বিরোধী দলকে প্রায় ৪০ লাখ সই সংগ্রহ করতে হবে।

মাদুরো বিরোধীদলকে তাদের এই সাংবিধানিক অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “২০১৬ সালে আপনাদের এই সুযোগ আছে। যদি আপনারা আমাকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দিতে চান তাহলে সই সংগ্রহ করতে পারেন।“

চ্যাভেজের মৃত্যুর পর এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন মাদুরো।

এদিকে মাদুরোর সঙ্গে বৈঠক সম্পর্কে লেদেজমা বলেন, “ভেনেজুয়েলার সবচেয়ে জরুরি প্রয়োজন নিয়ে কথা বলার জন্য আমরা এখানে এসেছি।“

সেই সঙ্গে বিরোধীদলের কারাবন্দী নেতাদের রাষ্ট্রীয় ক্ষমা করার জন্য তিনি মাদুরোর প্রতি আহ্বান জানান।

এই বৈঠক সম্পর্কে স্থানীয় বিশেষজ্ঞ লুইস ভিসেন্তে লেয়ন রয়টার্সকে বলেন, “আমার মনে হচ্ছে মাদুরো চলমান রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমানোর চেষ্টা করছেন।“

বিরোধী বেশ কয়েকজন মেয়র মাদুরোর এই আলোচনার উদ্যোগকে আন্তরিকভাবে প্রশংসা করেছেন।

বৈঠক থেকে বিরোধী গভর্নর হেনরি ফ্যালকন টুইটারে লেখেন, “আলোচনা দুর্বলতা নয়। এরঅর্থ এই নয় যে আমাদের নীতি বা বিশ্বাসকে অস্বীকার করা হচ্ছে। বরং এটা রাজনৈতিক পরিপক্কতার একটি লক্ষণ। এটা গণতন্ত্রকে শক্তিশালী করে।“