২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় কিম জং-ইল’র মৃত্যুবার্ষিকী পালন

প্রয়াত নেতা কিম জং-ইল এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করছে উত্তর কোরিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 06:37 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিও ও ছবিতে রাজধানী পিয়ংইয়ংয়ে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত ইল এর স্মরণসভায় হাজারো কর্মকর্তার সমাগম দেখা গেছে। তাদের সঙ্গে যোগ দেন উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং-উন।

২০১১ সালে নেতা কিম জং ইল এর মৃত্যুর পর তার ছেলে কিম জং-উনই উত্তর কোরিয়ার নেতৃত্ব দিচ্ছেন। শক্তহাতে দেশ চালানোর প্রমাণ ইতোমধ্যেই দিয়েছেন তিনি।

গত সপ্তাহেই দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ফুফা চ্যাং সং-থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন তিনি।

থায়েকের মৃত্যুর পর উনের ফুফু ক্ষমতা বলয়ে থেকে গেলেও মঙ্গলবারের স্মরণসভায় হাজির ছিলেন না তিনি। এর কোনো কারণও জানায়নি গণমাধ্যম।

কিম জং উন ও তার স্ত্রীসহ অন্যান্য রাজনৈতিক নেতারা কিম জং ইলের সমাধিতে শ্রদ্ধা জানান।

এরপর কিম জং ইলের পাশাপাশি উত্তর কেরিয়ার প্রথম নেতা কিম ইল-সাংয়ের সমাধিতেও একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় অধিবাসীরা।

স্মরণসভায় ইলের দেখানো পথ অনুসরণ করে দেশপ্রেম নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতারা।