২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের জাতীয় প্রতিরক্ষা নীতি ঘোষণা

চীনের উত্থানকে ঘিরে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে নতুন একটি জাতীয় প্রতিরক্ষানীতি অনুমোদন করেছে জাপানের মন্ত্রিসভা। নতুন প্রতিরক্ষানীতি অনুযায়ী জাপানের সামরিক ব্যয় বাড়ানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 01:35 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

এর আওতায় আগামী পাঁচ বছর জাপান চালক বিহীন বিমান (ড্রোন), আকাশযান ও উভচর যানসহ অন্যান্য সামরিক যন্ত্রপাতি কিনবে।

এছাড়া দ্বীপের দখল নেয়ার জন্য দেশটির সামরিক বাহিনীতে নতুন একটি উভচর বাহিনী গঠন করা হবে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে চীনের সঙ্গে বিরোধের প্রেক্ষাপটে সামরিক বাহিনীর এসব পুনর্গঠনের সিদ্ধান্ত নিল জাপান।

আঞ্চলিক সীমার বিষয়ে চীনা দাবির উত্তরোত্তর দৃঢ়তা ও দেশটির ব্যাপক সামরিক ব্যয় বৃদ্ধিতে উদ্বিগ্ন জাপান এসব সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাপানের জাতীয় নিরাপত্তা ঘোষণায় বলা হয়, “অন্যান্য দেশের প্রতি চীনের মনোভাব ও সামরিক পদক্ষেপ, পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা ও সামরিক নীতির স্বচ্ছতার অভাব, জাপান ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তুলেছে এবং বিষয়টির প্রতি গভীরভাবে লক্ষ্য রাখায় প্রয়োজনীয়তা তৈরি করেছে।”

কয়েক দশক ধরে প্রতিরক্ষা ব্যয় কমানোর পর জানুয়ারিতে প্রথমবারের মতো ব্যয় বৃদ্ধি করে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানি সংবিধান অনুযায়ী বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকলেও একবছর আগে নির্বাচিত প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে দেশের সামরিক সক্ষমতা বাড়ানোর ডাক দেন।

প্রধান প্রধান ইস্যুগুলো পর্যালোচনা করার জন্য অ্যাবে একটি জাতীয় নিরাপত্তা কাউন্সিলও গঠন করেন।

জাতীয় প্রতিরক্ষা নীতি অনুমোদনের মাধ্যমে জাপানের বৈদেশিক ও প্রতিরক্ষানীতি “জাপানি নাগরিক ও বিশ্ববাসীর কাছে পরিষ্কার ও স্বচ্ছ হয়ে উঠেছে” বলে দাবি করেন তিনি।

জাপানি মালিকানাধীন কয়েকটি দ্বীপপুঞ্জের আকাশসীমাসহ পূর্ব চীন সাগরের ব্যাপক একটি এলাকাকে সম্প্রতি নিজের আকাশ প্রতিরক্ষা সনাক্তকরণ অঞ্চল (এডিআইজেড) বলে ঘোষণা করেছে চীন। এই ঘোষণা নিয়ে চীনের সঙ্গে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনার কয়েক সপ্তাহের মধ্যেই জাতীয় প্রতিরক্ষানীতির ঘোষণা দিল জাপান।