২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-লেবানন সীমান্তে সহিংসতা

ইসরায়েলের সেনাবাহিনী লেবানন সীমান্তে দুই লেবানিজ সেনাকে গুলি করার কথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 09:45 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

সীমান্ত এলাকায় লেবানন সেনাবাহিনীর এক স্নাইপারের গুলিতে ইসরায়েলের একজন সেনা নিহত হওয়ার পর লেবানিজ সেনাদেরকে গুলি করা হয় বলে জানায় তারা।

ইসরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ইসরায়েলি সেনারা সন্দেহজনক আনাগোনা দেখে গুলি ছুড়েছে।

ওই দুই সেনার ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। লেবাননও এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে রোববার সন্ধ্যায় লেবানন-ইসরায়েল সীমান্তে ৩১ বছরের এক ইসরায়েলি সার্জেন্টের যান লক্ষ্য করে কমপক্ষে ৭ টি গুলি ছোড়া হয় লেবাননের দিক থেকে। এতে ওই সার্জেন্ট মারাত্মকভাবে জখম হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মেজর আরিয়ে বলেন, “এ ঘটনার পরই ওই এলাকায় তল্লাশি চালাতে গিয়ে ইসরায়েলি সেনারা সীমান্তের ওপারে দুইজন সন্দেহভাজনকে গুলি ছোড়ে। তাদের অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছে এবং তারা ইসরায়েলি সেনা হত্যার ঘটনায় জড়িত লেবানিজ সেনা বলেই মনে করছেন তিনি”।

লেবাননের সেনাবাহিনী দুটো ঘটনার কোনটি সম্পর্কেই কোনো মন্তব্য করেনি।