দক্ষিণ সুদান ‘অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাৎ করেছে’
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির বলেছেন, বরখাস্ত ভাইস প্রেসিডেন্ট রেইক ম্যাকারের অনুগত সেনাদের অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে।
রাজধানী জুবায় রাতভর প্রচণ্ড গোলাগুলির পর সরকার শহরের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে এবং নাগরিকদের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে বলে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কির।
বিবিসি জানায়, সহিংসতায় কয়েকজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আরো শত শত মানুষ জুবার জাতিসংঘ মিশনে আশ্রয় চেয়েছে। জাতিসংঘ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে লোকজনকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
প্রেসিডেন্ট কির গত জুলাইয়ে তার ভাইস প্রেসিডেন্ট ম্যাকারকে বরখাস্ত করার পর কয়েকমাসের উত্তেজনার প্রেক্ষাপটে সম্প্রতি এ লড়াইয়ের সূত্রপাত হয়।’
ম্যাকার এ ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তার কোথায় অবস্থান করছেন তাও স্পষ্ট জানা যায়নি। তবে তার মুখপাত্র বলেছেন, “তিনি নিরাপদে আছেন”।
ম্যাকারকে গ্রেপ্তার করা হয়েছে এমন খবরও অস্বীকার করেছেন তার মুখপাত্র।
