২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকজুড়ে আত্মঘাতী বোমা, গুলিতে নিহত ৫৪

ইরাকজুড়ে আত্মঘাতী বোমা হামলা এবং বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Dec 2013, 04:33 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

সোমবার মূলত শিয়া এলাকাগুলোতে এসব হামলা হয় বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্র।

রাজধানী বাগদাদের ১৮০ কিলোমিটার উত্তরে বাইজি এলাকায় সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়। সেখানে একটি পুলিশ স্টেশনে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানোর পর ৪ বোমা হামলাকারী বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়।

দুই হামলাকারী বিস্ফোরণ ঘটনায় স্টেশনের ভেতরে। এতে ৫ পুলিশ নিহত হয়। অন্য দুই হামলাকারী এসময় স্টেশনটির নিয়ন্ত্রণ নেয় এবং ইরাকের বিশেষ বাহিনীর সঙ্গে লড়তে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়।

ঘটনাস্থল থেকে এক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ স্টেশনে আটকদের মুক্ত করতেই এ হামলা হয় বলে মনে করছেন তিনি।কিন্তু বন্দিরা যে ভবনে আটক আছে সেখানে পৌঁছানোর আগেই জঙ্গিরা সব মারা যায়।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে ইরাকে সম্প্রতি আল কায়েদা সংশ্লিষ্ট সুন্নি মুসলিমদের হামলার ঘটনা বেড়েছে।

পুলিশ স্টেশনে ওই হামলার দু’ঘন্টা পর আত্মঘাতী বোমা হামলাকারীরা বাগদাদের ১৫০ কিলোমিটার উত্তরে স্থানীয় কাউন্সিল ভবন দখল করে। তারা ভবনের বাইরে দুটো গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ৩ জন নিহত হয়।

নিরাপত্তা বাহিনী ভবনটি ঘিরে রেখেছে। আর জঙ্গিরা সেখানে মানুষজনকে জিম্মি করেছে বলেও মনে করা হচ্ছে। শহরে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় বাজি এবং তিকরিতে হামলাকারীসহ নিহতের সংখ্যা ১১ উল্লেখ করেছে।

বাগদাদের শিয়া এলাকাগুলোতে দফায় দফায় গাড়িবোমা হামলা এবং রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণেও অন্তত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ওদিকে, মসুলে শিয়া পুণ্যার্থীরা তাল আফার থেকে কারবালা যাওয়ার পথে বন্দুকধারীদের হামলায় ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।