২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে শিয়া নেতাকে হত্যা

সুন্নি মুসলিম এক নেতাকে খুনের প্রতিশোধ নিতে পাকিস্তানের সুপরিচিত শিয়া মুসলিম এক ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Dec 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

সোমবার পুলিশ জানায়, নিহত আল্লামা নাসির আব্বাস নিষিদ্ধ শিয়া সংগঠন তেহরিক নিফাজ ফিকাহ-ই-জাফারিয়া এর নেতা ছিলেন।

রোববার বিকালে লাহোরে একটি ধর্মীয় সমাবেশে অংশ নেয়ার জন্য তিনি গাড়ি চালিয়ে যাচ্ছিন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা তাকে গুলি করে।

লাহোর পুলিশের প্রধান চৌধুরি শফিক রয়টার্সকে বলেন, “এটা একটি পরিকল্পিত হামলা। তার গাড়ি চালক ও একজন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে গাড়িতে যাওয়ার সময় বন্দুকধারীরা খুব কাছ থেকে আল্লামা নাসির আব্বাসকে গুলি করে।“

“হাসপাতালে নেয়ার পথে আব্বাস মারা যান। তার গাড়ি চালক ও বন্ধু কোনো আঘাত পাননি।“

এর আগে ডিসেম্বরের ৬ তারিখে সুন্নি সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের পাঞ্জাব প্রদেশের নেতা মাওলানা শামসুর রেহমানকে লাহোরের একটি মসজিদ থেকে বের হওয়ার সময় গুলি করে হত্যা করা হয়।

পাকিস্তানের ১৮ কোটি মানুষের মধ্যে ২০ শতাংশ শিয়া মুসলিম। সম্প্রতি দেশটিতে জাতিগত সংঘাত অনেক বেড়ে গেছে।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ২০১২ সালের শুরু থেকে এখন পর্যন্ত পাকিস্তানে ৮০০ এর বেশি শিয়া মুসলিম হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

কিন্তু প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শহর লাহোরে প্রতিশোধ পরায়ণ হয়ে জাতিগত হত্যাকাণ্ড খুব একটা ঘটতে দেখা যায় না।