২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্বোডিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ক্যাম্বোডিয়ায় বিরোধীদলের হাজার হাজার সমর্থক প্রধানমন্ত্রী হুন সেনের দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। হুনসেন পদত্যাগ করা বা নির্বাচনের ডাক না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সঙ্কল্প নিয়েছে তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 10:37 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

হুনসেনের লৌহশাসনের বিরোধী ‘ক্যাম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টি’(সিএনআরপি)দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ করার অঙ্গীকার করেছে। হুন সেনকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পথ অনুসরণের আহ্বান জানিয়েছে তারা। ইংলাক গত সপ্তাহে আগাম নির্বাচন ডেকেছেন।

ক্যাম্বোডিয়ায় গত জুলাইয়ের সাধারণ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ অস্বীকার করেছে হুন সেনের ক্যাম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)।

আর দু’দশক ধরে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে থেকেও হুন সেন নির্বাচনের বিষয়টি তদন্ত করে দেখার বিরোধীদের দাবি অগ্রাহ্য করে এসেছেন এবং একটি সরকার এবং পার্লামেন্ট গঠনের পথে এগিয়েছেন। সিপিপি নির্বাচনে জিতলেও কম সংখ্যাগরিষ্ঠ ভোটে জিতেছে।

“এনসিআরপি আজ নতুন কৌশল নিয়েছে। আমরা পুনর্নির্বাচন চাই,” নমপেন ফ্রিডম পার্কে সমবেত সমর্থকদের উদ্দেশে একথা বলেন দলটির ডেপুটি প্রেসিডেন্ট কেম শোখা।

তিনি আরো বলেন, আজ থেকে আমরা প্রতিদিন বিক্ষোভ করব এবং এ বিক্ষোভ একের পর এক এলাকায় ছড়িয়ে দেব”।