ইয়েমেনে জাপানি কূটনীতিক ছুরিকাহত
ইয়েমেনের রাজধানী সানায় অস্ত্রধারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক জাপানি কূটনীতিক। তাকে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা কয়েকবার ছুরিকাঘাত করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দূতাবাস কর্মকর্তারা জানিয়েছেন, আহত ব্যক্তি দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি। তাকে হাসপাতালে নেয়া হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল।
জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ওই কূটনীতিক অপহরণের চেষ্টায় বাধা দিয়েছিলেন। তবে মন্ত্রণালয় খবরটির ব্যাপারে আরো তথ্য পাওয়া এবং নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে।
ইয়েমেনে গত কয়েকমাস ধরেই বিদেশিদের ওপর হামলা বেড়েছে। ২০১১ সালে গণআন্দোলনের মুখে দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ক্ষমতা হস্তান্তরের পর থেকেই দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।
