২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনে ফের বিক্ষোভ, কাজ বন্ধ করল ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা চুক্তি সই করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ব্যর্থতার প্রতিবাদে নতুন করে রাজধানী কিয়েভের রাস্তায় বিক্ষোভে নেমেছে জনতা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 08:01 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

ওদিকে, ইয়ানুকোভিচের কাছ থেকে পরিষ্কার কোনো প্রতিশ্রুতি না পেয়ে বাণিজ্য ও সহযোগিতা চুক্তি নিয়ে কাজ স্থগিত করেছে ইইউ।

দৃশ্যত রাশিয়ার কাছ থেকে চাপের মুখে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ নভেম্বরে ইইউ এর সঙ্গে ওই চুক্তি করা থেকে পিছিয়ে আসেন। তবে ইইউ এবং ইউক্রেন বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাবে বলেও জানায়।

কিন্তু ইইউ এর সঙ্গে চুক্তি করা থেকে ইউক্রেন সরে আসার পর থেকেই দেশটিতে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ।ইউক্রেনের ওপর রাশিয়ার প্রভাব কমানোর দাবিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে জনতা।

৯ ডিসেম্বরে সরকারবিরোধী বিক্ষোভকারীরা সাবেক সোভিয়েত প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিনের মূর্তি ভেঙে ফেলে ইয়ানুকোভিচের পতনের প্রতীকী চ্যালেঞ্জ ছুড়ে দেয়।২০০৪ সালের ‘অরেঞ্জ রেভল্যুশন’ এর পর ইউক্রেনে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

রোববার বিক্ষোভকারীরা ফের রাস্তায় নেমে আসার আগ মুহূর্তে ইইউ সম্প্রসারণ বিষয়ক প্রধান স্টিফান ফুয়েলে টুইটারে বলেন, ইউক্রেনের সঙ্গে বাণিজ্য এবং রাজনৈতিক চুক্তি নিয়ে আলোচনা গত সপ্তাহেই দেশটিকে জানিয়ে দিয়েছেন তিনি। চুক্তি করতে হলে ইউক্রেনকে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।