স্বামীর মৃত্যুতেও অবিচল উনের ফুফু
সামরিক ট্রাইব্যুনালে স্বামী চ্যাং সং থায়েকের মৃত্যুদণ্ড কার্যকরের পরও অবিচলভাবেই উত্তর কোরিয়ার ক্ষমতা বলয়ে আছেন নেতা কিম জং-উনের প্রভাবশালী ফুফু কিম কায়ং হুই।
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর মেয়ে হুইকে এড-হক স্টেট কমিটির সদস্য করা হয়েছে। এটি একটি মর্যাদাপূর্ণ পদ। ফলে স্বামীর মৃত্যুতে তাৎক্ষণিকভাবে তার প্রভাব কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
উনের ফুফা চ্যাং সং-থায়েক বিশেষ সামরিক ট্রাইব্যুনালে দেশদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর গত সপ্তাহে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এর আগে গত ৩ ডিসেম্বর থায়েককে উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের ভাইস-চেয়ারম্যান এবং ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বিভাগীয় প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল; যাকে ক্ষমতার নেপথ্য নায়ক বলেই মনে করা হত।
অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, নারীলিপ্সা, নেশাগ্রস্ততার মতো অপরাধমূলক তৎপরতার জন্যই থায়েককে সরানো হয় বলে জানায় সরকার।
থায়েকের পতনের পর কিম ইয়ং হুই এর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু শনিবার তাকে ক্ষমতাসীন দলের একজন ঊর্ধ্বতন নেতার (ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশন চেয়ারম্যান)রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয় এবং ফিউনারেল কমিটির শীর্ষ কর্মকর্তাদের নামের তালিকায়ও তার নাম আছে বলে জানায় কেসিএনএ বার্তা সংস্থা।
ভাই কিম জং ইলের খুবই ঘনিষ্ঠ থাকার সুবাদে হুই সম্প্রতি কয়েকবছরে সরকারের গুরুত্বপুর্ণ পদে আসীন হয়েছেন বলে মনে করা হয়। ৬৭ বছর বয়সী এই নারী ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি এবং চার তারকা আর্মি জেনারেলসহ কয়েকটি শীর্ষ পদে অধিষ্ঠিত।
