ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানোয় হুঁশিয়ারি
পরমাণু বিতর্ক নিয়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার আওতা বাড়ানোয় ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে হুঁশিয়ার করেছে রাশিয়া।
বৃহস্পতিবার নেয়া যুক্তরাষ্ট্রের ওই সিদ্ধান্তের সমালোচনা করে শুক্রবার এ হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়া।
রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতা বাড়নোর কারণে চুক্তির বাস্তবায়নে গুরুতর জটিলতা সৃষ্টি হতে পারে।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে সৃষ্ট বিতর্কের জের ধরে দেশটির ওপর অর্থনৈতিক, বাণিজ্যিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
ইরানের পরমাণু প্রকল্প সংকোচনের প্রতিশ্রুতির বিনিময়ে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার লক্ষ্যে গত ২৪ নভেম্বর জেনেভায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি- এই ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের একটি অর্ন্তবর্তী চুক্তি হয়।
কিন্তু ওই চুক্তি বাস্তবায়নের আগেই যুক্তরাষ্ট্র ইরানের আরো ১৯ ব্যক্তিত্ব ও কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসে। এতে ক্ষুব্ধ ইরান এ পদক্ষেপকে জেনেভাচুক্তির লঙ্ঘণ অভিহিত করে তীব্র সমালোচনা করে। নতুন নিষেধাজ্ঞা আরোপ করায় সৃষ্ট পরিস্থিতি তারা পর্যালোচনা করে দেখারও ঘোষণা দেয়।
এ পরিস্থিতিতে রাশিয়াও যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে জেনেভাচুক্তির প্রত্যাশার পরিপন্থী বলে সমালোচনা করে বলেছে, এতে চুক্তির বাস্তবায়ন আটকে
যেতে পারে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জেনেভাচুক্তির উল্লেখ করে বলেন, “যুক্তরাষ্ট্র প্রশাসনের সিদ্ধান্ত ওই চুক্তির প্রত্যাশার বিপরীত। যুক্তরাষ্ট্রের ‘কালো তালিকার’ পরিসর বৃদ্ধি জেনেভাচুক্তির পুরোপুরি বাস্তবায়নে গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে, কেননা ওই চুক্তিতে নিষেধাজ্ঞার চাপ কমানোর প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।”
