২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফএও’র বিরুদ্ধে অসুস্থতা ছড়ানোর অভিযোগ

শ্রীলঙ্কায় প্রায় ৫ লাখ মানুষের মধ্যে কিডনির রোগ ছড়িয়ে পড়ার জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ‘এফএও’ দায়ী বলে অভিযোগ উঠেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 09:27 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

কৃষিকাজে ব্যবহৃত সার এবং কীটনাশকই এ অসুস্থতার কারণ বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এফএও বহুজাতিক কোম্পানিগুলোর পক্ষ থেকে কৃষিরাসায়নিক পদার্থের ব্যবহার উৎসাহিত করছে বলে অভিযোগ করেছে প্রচারাভিযানকর্মীরা।

তবে মানুষের ক্রনিক কিডনি সমস্যায় আক্রান্ত হওয়া এবং তা ছড়িয়ে পড়তে থাকা নিয়ে ওঠা অভিযোগ এফএও অস্বীকার করেছে বলে জানায় বিবিসি।

শ্রীলঙ্কায় অন্তত ২০ বছর ধরে কৃষক সম্প্রদায়ের মানুষেরা রহস্যজনক কিডনির অসুখে ভুগছে। এ রোগে এ পর্যন্ত ২০ হাজার জন মারা গেছে এবং ৪ লাখ ৫০ হাজার মানুষ কিডনির রোগে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর কারণ খুঁজতে কয়েকমাস আগে শ্রীলঙ্কার স্থানীয় এবং বিদেশি বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে উপসংহার টানেন যে, ক্যাডমিয়াম এবং আর্সেনিকের মতো বিষাক্ত উপদান ব্যবহার করে সার এবং কীটনাশকের মাত্রারিক্ত ব্যবহারই কিডনি রোগের প্রধান কারণ।

আর এখন উন্নয়ন প্রচারাভিযানের একটি দল ‘সোয়ারনা হানসা ফাউন্ডেশন’ এফএও এর বিরুদ্ধে প্রচার শুরু করেছে। তারাই অভিযোগ করে বলছে, এফএও বহুজাতিক কোম্পানিগুলোর পক্ষ থেকে কৃষিরাসায়নিক পদার্থ চালু করছে। আর এতে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণও দাবি করেছে তারা।

কিন্তু এফএও এ অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। ওদিকে, সরকারও বলেছে তারা কৃষিকাজে ক্ষতিকর উপাদানের ব্যবহার কমানোর যথাসাধ্য চেষ্টা করছে।