২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদ্রোহের মামলায় মুশাররফকে আদালতে তলব

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে রাষ্ট্রদ্রোহের মামলায় বিচার করতে ২৪ ডিসেম্বর হাজিরার জন্য তলব করেছে একটি বিশেষ আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 07:18 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

তিন বিচারকের এ আদালত মুশাররফের বিরুদ্ধে সরকারের আনা অভিযোগ গ্রহণ করে এ আদেশ দেয় বলে জানিয়েছে এনডিটিভি।

পাকিস্তানে একজন জেনারেল হিসাবে মুশাররফই প্রথম বিচারের সম্মুখীন হচ্ছেন।বিচারে দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ডও হতে পারে।

সরকার বৃহস্পতিবার মুশাররফের বিচার শুরুর জন্য বিশেষ আদালতকে অনুরোধ জানায়।

আদালতের কাছে স্বরাষ্ট্রসচিব শহীদ খানের পেশ করা আবেদনে বলা হয়, সাবেক এই সেনাশাসক ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি এবং সংবিধান অগ্রাহ্য করে দেশদ্রোহিতা করেছেন।

সরকার ১৭ নভেম্বরে সংবিধানের ৬ অনুচ্ছেদের আওতায় মুশাররফের বিরুদ্ধে দেশদ্রোহ মামলার বিচারপ্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেয়।

এটর্নি জেনারেল মুনির মালিক বলেছেন, মুশাররফের বিরুদ্ধে অকাট্য প্রমাণ আছে।বিচারে তার যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড হতে পারে।

সরকারপক্ষ সম্প্রতি মুশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে। ২০০৭ সালের ৩ নভেম্বরে পাকিস্তানে জরুরি অবস্থা জারিসহ, সুপ্রিম কোর্টের বিচারকদের আটক করা এবং সংবিধান অমান্যের মতো ৫ টি অভিযোগ আছে তার বিরুদ্ধে।

১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন পারভেজ মুশাররফ। ২০০৮ সালে অভিসংশনের হুমকির মুখে বাধ্য হয়ে পদত্যাগ করেন তিনি। প্রায় ৫ বছরের নির্বাসিত জীবন শেষে তিনি গত মার্চে পাকিস্তানে ফেরেন আগামী নির্বাচনে অংশ নিতে।

কিন্তু দেশে ফিরেই সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলাসহ একাধিক মামলায় জড়িয়ে পড়েন মুশাররফ।