২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরীয় নেতা উনের ‘ফুফা’র মৃত্যুদণ্ড কার্যকর

রাষ্ট্রদ্রোহিতা ও দুর্নীতির অভিযোগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী ‘ফুফা’ চ্যাং সং-থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 10:14 AM

Updated : 23 Aug 2022, 07:28 PM

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ শুক্রবার জানায়, বিশেষ সামরিক ট্রাইব্যুনালে দেশদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে কিভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা জানা যায়নি।

এর আগে গত ৩ ডিসেম্বর উনের ফুফা ও প্রভাবশালী কর্মকর্তা চ্যাং সং-থায়েককে উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের ভাইস-চেয়ারম্যান এবং ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বিভাগীয় প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল; যাকে ক্ষমতার নেপথ্য নায়ক বলেই মনে করা হত।

প্রাথমিকভাবে থায়েককে সরানোর এ খবরটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। উত্তর কেরিয়া সে সময় এ ব্যাপারে কিছু জানায়নি। পরে সোমবার উত্তর কোরিয়া খবরটি নিশ্চিত করে এর কয়েকটি ছবিও দেখায়।

অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, নারীলিপ্সা, নেশাগ্রস্ততার মতো অপরাধমূলক তৎপরতার জন্যই থায়েককে সরানো হয় বলে জানায় সরকার।

২০১১ সালে উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইলের মৃত্যুর পর পিয়ংইয়ংয়ে এ পদক্ষেপকে বড় ঘটনা হিসাবেই দেখা হচ্ছে।

কেসিএনএ জানিয়েছে, বৃহস্পতিবার সামরিক ট্রাইব্যুনালে থায়েক সরকারকে উৎখাতের অভিসন্ধি এবং ক্ষমতার অপব্যবহারের কথা স্বীকার করেন। এর পরপরই তাকে মেরে ফেলা হয়। ‘কুকুরের চেয়েও খারাপ’ বলে থায়েককে অভিহিত করেছে কেসিএনএ।

কিম জং-ইলের বোনকে বিয়ে করার সুবাদে উনের ফুফা ছিলেন চ্যাং সং-থায়েক। ইলের মৃত্যুর পর নেতা উনকে রাষ্ট্র পরিচালনায় চ্যাংই নেপথ্যে থেকে চালিকাশক্তি হিসাবে কাজ করতেন বলে মনে করা হয়।