ম্যান্ডেলাকে বিদায় জানাতে প্রিটোরিয়ায় জনতার সারি
বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাসে কিংবদন্তী দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে শেষ বিদায় জানাতে রাজধানী প্রিটোরিয়ার ‘ইউনিয়ন বিল্ডিংয়ে’ লাখো মানুষের সারি।
সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য প্রিটোরিয়ার এ ভবনেই টানা তিন দিন থাকবে ম্যান্ডেলার মরদেহ।
সমবেত হাজারো জনতা এরই মধ্যে সারিবদ্ধভাবে একে একে ম্যান্ডেলাকে বিদায় জানাতে শুরু করেছে।
সবার আগে যারা ম্যান্ডেলাকে শেষ বিদায় জানান তাদের মধ্যে রয়েছেন, তার স্ত্রী গ্রাসা ম্যাশেল ও সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকি। এরপর একের পর এক তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করছে সাধারণ জনগণ।
এর আগে মঙ্গলবার স্মরণানুষ্ঠানের পর বুধবার প্রিটোরিয়ার ১ নং সামরিক হাসপাতাল মর্গ থেকে প্রেসিডেন্টের কার্যালয় ভবন ইউনিয়ন বিল্ডিং এর দিকে রওনা হয় ম্যান্ডেলার শবযাত্রা। প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে সে সময়ও সারিবদ্ধভাবে তা দাঁড়িয়ে দেখেছে লাখো মানুষ।
ইউনিয়ন বিল্ডিংয়ে অন্যান্যদের সঙ্গে ম্যান্ডেলাকে বিদায় জানাতে যোগ দিয়েছেন বিশ্ব বরেণ্য ব্যক্তিরাও। ম্যান্ডেলার কফিনের পাশ দিয়ে হেঁটে গিয়ে তাকে শ্রদ্ধা জানান সঙ্গীতশিল্পী বোনো, মডেল নওমী ক্যাম্পবেল, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবং দক্ষিণ আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক, যিনি ম্যান্ডেলার সঙ্গে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন।
বুধবার সকাল থেকেই থমকে যায় প্রিটোরিয়ার ট্রাফিক ব্যবস্থা। যে পথ দিয়ে ম্যান্ডেলার শবযাত্রা হয়েছে সে জায়গায় বন্ধ হয়ে যায় সব দোকানপাট। ম্যান্ডেলাপ্রেমী বহু মানুষই তাকে শেষবারের মতো দেখার সুযোগটা হাতছাড়া করতে চায়নি এতটুকুও। তাই অনেককেই ছোট বাচ্চা কোলে-পিঠে নিয়ে আসতে দেখা গেছে তার কফিনের পাশে।
ম্যান্ডেলার কফিনের কাছে এগিয়ে যাওয়ার সময় অশ্রুসিক্ত চোখে এমনই একজন বলেন, “আমি তাকে দেখতে চাই। এখানে তিনঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকলেও দেখতে চাই। তাকে দেখার এটাই আমার শেষ সুযোগ। আমি আর আমার সন্তানের জন্য এ সময়টা খুবই মূল্যবান”।
গত বৃহস্পতিবার রাতে ৯৫ বছর বয়সে মারা যান নেলসন ম্যান্ডেলা। এরপর থেকে ধারাবাহিকভাবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বিদায় জানাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সব আনুষ্ঠানিকতা শেষে ১৫ ডিসেম্বর রোববার তাকে সমাহিত করা হবে নিজের পৈতৃক গ্রাম পূর্বাঞ্চলীয় ক্যাপে প্রদেশের কুনুতে।
