২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরসি-সমর্থক হত্যার তদন্ত দাবি মানবাধিকার সংস্থাগুলোর

মিশরে গত অগাস্টে দমনাভিযান চালিয়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের হত্যার ঘটনা তদন্ত করে দেখার জন্য সেনা-সমর্থিত সরকারের কাছে দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2013, 12:02 AM

Updated : 25 Apr 2022, 07:39 PM

মিশরের অন্তর্বর্তী সরকার ওই সময় থেকেই মুরসি সমর্থকদের ওপর দমনপীড়ন চালিয়ে আসছে। নিষিদ্ধ করেছে তার দল মুসলিম ব্রাদারহুডকে।

৩ জুলাইয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট মুরসি। ১৪ অগাস্টে সেনা সরকারের বিরুদ্ধে মুরসি সমর্থকদের অবস্থান ধর্মঘট দমনাভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয় নিরাপত্তা বাহিনী। এতে বহু মানুষ নিহত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচসহ ১৩ টি মানবাধিকার সংগঠন একযোগে ওই হত্যাযজ্ঞের ঘটনা তদন্ত করে দেখার দাবি জানিয়েছে মিশর সরকারের কাছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসের সময়েই তারা এ দাবি জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, সরকারের উচিত ওই ঘটনার জবাবদিহি করার প্রথম পদক্ষেপেই একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা।

তবে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, ব্রাদারহুড বিক্ষোভ শিবিরগুলোতে অস্ত্রের মজুদ গড়ে তুলছে। কিন্তু সরকারের এ অভিযোগ ব্রাদারহুড অস্বীকার করেছে।