চুক্তি সই নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ উড়িয়ে দিলেন কারজাই
নিরাপত্তা চুক্তি মেনে নিতে যুক্তরাষ্ট্রের চাপ তীব্র সমালোচনায় উড়িয়ে দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।
ওয়াশিংটন এ ব্যাপারে ঔপনিবেশিক প্রভুর মতোই আচরণ করছে বলে অভিযোগ করেছেন তিনি।
২০১৪ সালের পরও আফগানিস্তানে মার্কিন সেনা থেকে যাওয়া নিয়ে নিরাপত্তা চুক্তি করার আগে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণের দাবি জানিয়ে আসছেন কারজাই।
আর কেবলমাত্র এপ্রিলে আফগানিস্তানে নির্বাচনের পরই চুক্তিটি সই করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
ফরাসি ‘লা মন্ডে’ পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে কারজাই বলেন, আফগানিস্তান এবং পাকিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জেমস ডব্বিনস সম্প্রতি কাবুলে এক সফরকালে তাকে বলেছেন, নিরাপত্তা চুক্তি ছাড়া কোনো শান্তি আসবে না।
তিনি বলেন, “এর মানে করলে দাঁড়ায় তোমরা চুক্তি সই না করলে আমরা তোমাদের দেশে লড়াই উস্কে দেব। সমস্যা সৃষ্টি করব”।
যুক্তরাষ্ট্র বলে রেখেছে, চুক্তি সই না হলে তারা তালেবান তৎপরতার মুখে আফগানিস্তানকে অরক্ষিত রেখে সেখান থেকে সব সেনাই প্রত্যাহার করে নেবে।
কারজাই বলেন, “তারা চুক্তির বিষয়টি অনেক গুরুত্বের সঙ্গে নিলেও আমাদেরকে দেয়ালে ঠেসে ধরতে পারে না”।
চাপ সৃষ্টির কোনোরকম চেষ্টা উড়িয়ে দিয়ে তিনি আরো বলেন, “যেসব কথা শুনছি এবং শুনে এসেছি সবই সেই পুরোনো ধাঁচের ঔপনিবেশিক নিষ্পেশনের মতোই আচরণ। আফগানিস্তান এখানে বশ্যতা স্বীকার করবে না। তারা ঔপনিবেশিক প্রভূদের সঙ্গে এরই মধ্যে লড়াই করে এসেছে। তারা এটা মেনে নেবে না”।
