উ কোরিয়ায় 'সন্ত্রাসের রাজত্ব' চলছে: দ কোরিয়া
উত্তর কোরিয়ায় নেতা কিম জং উনের ফুফা ও প্রভাবশালী কর্মকর্তা চ্যাং সং-থায়েককে সরিয়ে দেয়ার খবর পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই বলেছেন, “উত্তর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে”।
সতর্ক করে দিয়ে তিনি বলেন, এ ঘটনায় উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
উত্তর কোরিয়া সোমবার সং-থায়েককে অপসারণের খবর নিশ্চিত করে জানায়। অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, নারীলিপ্সা, নেশাগ্রস্ততার মতো অপরাধমূলক তৎপরতার জন্যই থায়েককে সরানো হয় বলে জানায় সরকার।
২০১১ সালে উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইলের মৃত্যুর পর পিয়ংইয়ংয়ে এ পদক্ষেপকে বড় ধরনের রদবদল হিসাবেই দেখা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, “ইদানিং উত্তর কোরিয়া সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বর্তমান নেতা কিম জং উন নিজের ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য ফুফা থায়েককে সরিয়ে দিয়েছেন। এখন থেকে দক্ষিণ-উত্তর কোরিয়ার সম্পর্ক আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে”।
গত ৩ ডিসেম্বর সং-থায়েককে উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের ভাইস-চেয়ারম্যান এবং ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বিভাগীয় প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়; যাকে ক্ষমতার নেপথ্য নায়ক বলেই মনে করা হত।
প্রাথমিকভাবে থায়েককে সরানোর এ খবরটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। উত্তর কেরিয়া সে সময় এ ব্যাপারে কিছু জানায়নি। পরে সোমবার উত্তর কোরিয়া খবরটি নিশ্চিত করে এর কয়েকটি ছবিও দেখায়।
