২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করবেন না ইংলাক

ফেব্রুয়ারির নির্বাচনের আগে পদত্যাগে বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 03:49 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

২০১১ সালে দেশটির নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন ইংলাক। কিন্তু সরকার গঠনের পর থেকেই বিরোধীরা অভিযোগ তুলছে, সাবেক প্রধানমন্ত্রী ও নির্বাসিত নেতা থাকসিন সিনাওয়াত্রাই সরকারের পেছনে থেকে কলকাঠি নাড়ছেন।

থাকসিন সিনাওয়াত্রার ছোট বোন ইংলাক।

২০১০ সাল থেকে দেশটিতে প্রবল রাজনৈতিক অস্থিরতা চলছে বলে বিবিসি জানিয়েছে।

ইংলাক মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে দেয়া ভাষণে আন্দোলনকারীদের প্রতি আন্দোলন বন্ধ করে নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারে কে আসবে সেই সুযোগ নেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “সংবিধান অনুসারে আমি অবশ্যই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবো। আমি যতটুকু সম্ভব নমনীয় হয়েছি, পিছু হটেছি। আমার প্রতি কিছুটা সুবিচার করুন।”

এরআগে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন ইংলাক সিনাওয়াত্রা৷ ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানায় সরকার। কিন্তু তারপরও বিক্ষোভ থামেনি।

থাইল্যান্ডে বিক্ষোভকারীরা দেশ পরিচালনার জন্য এ মুহূর্তেই একটি অনির্বাচিত পরিষদ গঠনের দাবি জানাচ্ছে। নির্বাচন এ ‘গণ পরিষদ'-এর অধীনে করতে চায় তারা।

দেশের গভীর রাজনৈতিক সঙ্কট সামাল দিতে ইংলাক পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেয়ার কয়েকঘণ্টা পরই ২ ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়।

ব্যাংককে মন্ত্রিসভার একটি বৈঠকে নির্বাচনের জন্য এই তারিখ প্রস্তাব করা হয় বলে জানান সরকারের মুখপাত্র তিরাত রতনাসেভি।

এখন তারিখটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেতে হবে থাইল্যান্ডের নির্বাচন কমিশনে। নির্বাচনী কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামী কয়েকদিন সরকারের সঙ্গে বৈঠকে বসবেন।

নির্বাচন দেয়ার পদক্ষেপ সম্পর্কে ইংলাক বলেছিলেন,‘‘সমাজের নানা অংশ থেকে অনেক মানুষ যখন সরকারের বিরোধিতা করছে, তখন সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায় হচ্ছে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়া এবং নির্বাচন করা৷ থাইল্যান্ডের জনগণই এখন সিদ্ধান্ত নেবে৷''

কিন্তু ইংলাকের ওই ঘোষণায় সন্তুষ্ট নয় বিরোধীপক্ষ। বিক্ষোভকারীদের নেতা এরই মধ্যে বলেছেন, বিরোধীদের লক্ষ্য পূরণ হয়নি। “আমাদের লক্ষ্য পার্লামেন্ট ভেঙে দেয়া নয়”।

২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে পুয়ে থাই পার্টির নেতৃত্বে সরকার গঠন করেন ইংলাক৷ দলটি দেশের দরিদ্র অধ্যুষিত অঞ্চলগুলোতে জনপ্রিয়৷

অন্যদিকে, বিরোধী দলগুলোর জনপ্রিয়তা শহরাঞ্চলে৷ ইংলাক নতুন নির্বাচনের ঘোষণা দেয়ার পরও বিরোধী দলের সংসদ সদস্যরা পদত্যাগ করে বিক্ষোভে যোগ দিয়েছেন৷