‘অপরাধ তৎপরতার’ জন্য ফুফাকে সরান উন
অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, নারীলিপ্সা, নেশাগ্রস্ততার মতো অপরাধমূলক তৎপরতার জন্যই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার প্রভাবশালী ‘ফুফা’ চ্যাং সং-থায়েককে সরিয়ে দেন।
উত্তর কোরিয়া সরকার সোমবার একথা জানিয়েছে।
গত ৩ ডিসেম্বর সং-থায়েককে উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের ভাইস-চেয়ারম্যান এবং ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বিভাগীয় প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়; যাকে ক্ষমতার নেপথ্য নায়ক বলেই মনে করা হত।
প্রাথমিকভাবে থায়েককে সরানোর এ খবরটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। উত্তর কেরিয়া সে সময় এ ব্যাপারে কিছু জানায়নি।
এবার উত্তর কোরিয়া থায়েককে অপসারণের খবরটি নিশ্চিত করে এর কিছু ছবিও প্রচার করেছে। নাটকীয় সেসব ছবিতে দেখা গেছে, থায়েককে তার অপসারণের কথা জানিয়ে দিয়ে বৈঠক থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পার্টির অধিবেশন থেকেও তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ইউনিফর্ম পরা গার্ডরা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা থায়েকের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে দল গড়া, দুর্নীতি ছাড়াও নারীলিপ্সা এবং নেশা করার মতো অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ করেছে।
থায়েক অপসারিত হওয়ার আগে উত্তর কোরিয়ায় দুর্নীতির অভিযোগে তার অন্য দুই সহযোগীর মৃত্যুদণ্ডও কার্যকর হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পরই থায়েককে অপসারণ করা হয়।
কিম জং-ইলের বোনকে বিয়ে করার সুবাদে উনের ফুফা হন চ্যাং সং থায়েক। ইলের মৃত্যুর পর নেতা উনের রাষ্ট্র পরিচালনায় থায়েকই নেপথ্যে থেকে চালিকাশক্তি হিসাবে কাজ করতেন বলে মনে করা হয়।
