স্থানীয় নির্বাচনে ভেনেজুয়েলায় ক্ষমতাসীন দলের জয়
ভেনেজুয়েলার স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাসীন দল অধিকাংশ এলাকায় জয় পেয়েছে। এতে প্রয়াত সাবেক প্রেসিডেন্ট উগো চ্যাভেজের সমাজতান্ত্রিক ধারা ধরে রাখতে মাদুরোর দৃঢ় সংকল্পের প্রতি দেশবাসীর সমর্থন প্রকাশ পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রোববার অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল পরিবর্তনকামী বিরোধীদলকে হতাশ করেছে।
দক্ষিণ আমেরিকার এই দেশটির ৩৩৭টি মেয়র নির্বাচনের ভোট তিন-চতুর্থাংশ গণনার পর ক্ষমতাসীন দল ১৯৬টি মেয়র পদে ও বিরোধী দল ৫৩টি পদে জয় পেয়েছে।
প্রত্যাশামতো, নগরকেন্দ্রগুলোতে বিরোধীদল ভালো করেছে, আর মফস্বলে ভালো করেছে ক্ষমতাসীন দল। দেশটির প্রধান শহর রাজধানী কারাকাস, দ্বিতীয় প্রধান শহর মারাসাইবো’র মেয়র পদে জয় পেয়েছে বিরোধীদল।
চলতি বছরের এপ্রিলে ৫১ বছর বয়সী সাবেক বাসচালক মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন শুরু করেন। ক্ষমতায় এসেই তিনি আমেরিকা মহাদেশের মধ্যে সবচেয়ে উচ্চ মূল্যস্ফীতিসহ ব্যাপক অর্থনৈতিক সমস্যার মুখে পড়েন।
অর্থনৈতিক অগ্রগতি শ্লথ হয়ে পড়ে দুধ থেকে শুরু করে টিস্যু পেপারের মতো নিত্যব্যবহার্য পণ্যের অভাব দেখা দেয়।
পরিস্থিতি মোকাবিলায় পূর্বসূরীর ধারা বজায় রেখে শক্তহাতে সবকিছু সামাল দেয়ার চেষ্টা করছেন মাদুরো।
“বিপ্লবের পিতা চলে গেছেন, কিন্তু ছেলেকে রেখে গেছেন যে গরিবদের সাহায্য করা অব্যাহত রেখেছে,” বলেন সরকার সমর্থক ৬২ বছর বয়সী ফ্রেড্ডি নাভারো। সরকারের দেয়া পেনশন দিয়ে জীবন চলে তার।
১৪ বছর ধরে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে ভেনেজুয়েলা শাসন করার পর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান চ্যাভেজ। এরপর প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে জয় পান তার উত্তরসূরী মাদুরো।
ক্ষমতায় আসার পর রোববারের নির্বাচন মাদুরোর জন্য সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা ছিল, আর তাতে তিনি ভালোমতোই উৎরে গেলেন।
নির্বাচনে নিশ্চিত প্রাধান্যের মধ্যে রোববার গভীর রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মাদুরো বলেন, “বলিভারিয়ান বিপ্লব আগের যে কোনো সময়ের তুলনায় আরো শক্তিশালী হচ্ছে, বিশ্বকে এটিই জানিয়ে দিল ভেনেজুয়েলাবাসী।”
নিজের বিপ্লবী কর্মসূচীকে ভেনেজুয়েলার স্বাধীনতা আন্দোলনের নেতা সিমন বলিভারের নামে ‘বলিভারিয়ান বিপ্লব’ বলে অভিহিত করতেন প্রয়াত নেতা চ্যাভেজ।
