২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সেনা বাড়াচ্ছে ফ্রান্স

চলমান সাম্প্রদায়িক দাঙ্গায় বিপর্যস্ত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তি ফেরাতে ফ্রান্স সেনা বাড়াচ্ছে। রাজধানীসহ উত্তেজনাপূর্ণ বোসাংগোয়া শহরে এরই মধ্যে পৌঁছেছে ফরাসি সেনা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Dec 2013, 05:31 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শনিবার বোসাংগোয়া শহরে পৌঁছে প্রায় ৮০ ফরাসি সেনা। রাজধানীতে বাংগুইতেও টহল দেয়া শুরু করেছে সেনারা। শহরটিতে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে নৃশংস দাঙ্গায় এরই মধ্যে অন্তত ৪শ’ মানুষ নিহত হয়েছে।

দেশটিতে কর্মরত আর্ন্তজাতিক সাহায্য কর্মীরা জানান, টানা তৃতীয় দিনেও বানগুইয়ের বেসামরিক জনগণের ওপর হামলার ঘটনা ঘটছে। সাবেক এই উপনিবেশে ফ্রান্স মোট ১৬শ’ সেনা পাঠিয়েছে।

সেলেকা বিদ্রোহী দল ও খ্রিস্টান বেসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে গত তিনদিনে কেবল বাংগুইতেই ৩৪৯ জন নিহত হয়। গত মার্চে সেলেকা বাহিনী দেশটির ক্ষমতা দখল করে নিয়েছে।

মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ এর জরুরি পরিচালক পিটার বুচকার্ট বলেন, সেলেকা যোদ্ধারা রাজধানী থেকে ৩০০ কিলোমিটার উত্তরে বোসাংগোয়ায় ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। তারা একজন নারীকে হত্যা করে মৃতদেহটি তার ক্রন্দনরত শিশুর পাশে ফেলে রেখে যায়।

মূলত সেলেকার হাতে প্রেসিডেন্টে ফ্রাঁসোয়া বোজিজের পতনের পর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিশৃঙ্খলা মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ে। সেলেকারা কয়েক মাস ধরে লুটপাট, ধর্ষণ ও হত্যাকাণ্ড চালায়।

বোজিজে-কে ক্ষমতাচ্যুত করে গত মার্চে ক্ষমতায় আসে মাইকেল জোটোডিয়া। এর পর থেকেই খ্রিষ্টান এবং মুসলিম মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষ চলছে। বোসাংগাওয়া শহরে হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে রয়েছে।

এদের মধ্যে খ্রিষ্টান উদ্বাস্তুর সংখ্যা চল্লিশ হাজার আর মুসলিম উদ্বাস্তুর সংখ্যা সাত হাজার বলে জানা গেছে।

শহরের একপাশের গির্জায় খ্রিষ্টানরা আর অন্য পাশে একটি বিদ্যালয়ে মুসলিম উদ্বাস্তুরা আশ্রয় নিয়েছে।