আকাশ প্রতিরক্ষা অঞ্চলের সীমা বাড়াবে দক্ষিণ কোরিয়া
নিজের আকাশ প্রতিরক্ষা অঞ্চলের সীমা বৃদ্ধি করা হবে বলে ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। কোরিয়ার বর্তমান আকাশ প্রতিরক্ষা অঞ্চলটি একপাশে চীনের ঘোষিত আকাশ প্রতিরক্ষা অঞ্চলের সীমার ভিতরেও কিছুটা ছড়িয়ে আছে বলে জানিয়েছে বিবিসি।
রোববার মধ্যরাতে দেশটির নতুন আকাশ প্রতিরক্ষা অঞ্চলের ঘোষণা দেয়া হবে বলে দক্ষিণ কোরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
দ কোরিয়া ও চীনের আকাশ প্রতিরক্ষা অঞ্চলের উভয়ের দাবীকৃত এলাকায় বর্তমানে দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রণাধীন সাগরের মধ্যে মাথা তোলা একটি পাথর পড়েছে। কোরিয়ায় আয়োদো ও চীনে সুইয়ান নামে পরিচিত ওই পাথুরে দ্বীপের মাথার ওপর উভয়পক্ষের আকাশ প্রতিরক্ষা অঞ্চল একে অপরের ভিতরে প্রবেশ করেছে।
গত মাসে চীনের ঘোষিত আকাশ প্রতিরক্ষা অঞ্চল নিয়ে প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে আবার নিজেদের আকাশ প্রতিরক্ষা অঞ্চল বাড়ানোর ঘোষণা দিলো দ কোরিয়া।
তবে কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “ঘোষিত অঞ্চলের সঙ্গে সম্পর্কিত দেশগুলো সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতেই ঘোষণা বাস্তবায়ন করা হবে।”
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়েছে, দ কোরিয়ার নতুন সামরিক আকাশ প্রতিরক্ষা অঞ্চলে কোরিয়া উপদ্বীপের আরো দক্ষিণে কোরিয়ার নিয়ন্ত্রণাধীন মারাদো ও হংদো দ্বীপপুঞ্জের আকাশসীমাও অন্তর্ভূক্ত করা হবে।
দ কোরিয়ার এই ঘোষণা চীনের আকাশ প্রতিরক্ষা অঞ্চলের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। কারণ একই অঞ্চল চীনের আকাশ প্রতিরক্ষা অঞ্চলের ভিতরেও পড়েছে।
আগামী ১৫ ডিসেম্বর থেকে ঘেষিত নতুন আকাশ প্রতিরক্ষা অঞ্চল কার্যকর হতে শুরু করবে বলে জানিয়েছে দ কোরিয়া।
