মেক্সিকোয় তেজস্ক্রিয় সামগ্রী চোরেরা হাসপাতালে
তেজস্ক্রিয় পদার্থের বিকিরণজনিত সমস্যায় আক্রান্ত ছয় ব্যক্তিকে মেক্সিকোর একটি হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার কর্মকর্তারা এ তথ্য জানান।
ধারণা করা হচ্ছে এই ছয় ব্যক্তিই চলতি সপ্তাহের শুরুতে রাজধানী মেক্সিকো সিটির বাইরে মারাত্মক তেজস্ক্রিয় সামগ্রীতে ভর্তি একটি ট্রাকচুরির সঙ্গে জড়িত।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, “ওই ছয় ব্যক্তি সম্ভবত কোবাল্ট-৬০ বহনকারী গাড়িটি ছিনতাইয়ের সঙ্গে বা যারা গাড়িটি ছিনতাই করেছে তাদের সঙ্গে যুক্ত।“
ওই ব্যক্তিরা বর্তমানে পুলিশের হেফাজতে আছে বলেও জানান তিনি।
গত সোমবার চোররা মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ কোবাল্ট-৬০ বহনকারী একটি ট্রাক ছিনতাই করে। ট্রাকটির চালক রাতে ট্রাকটি একটি পেট্রল পাম্পে থামিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় আগ্নেয়াস্ত্রের মুখে চালকদের গাড়ি থেকে নামিয়ে বেঁধে ফেলে চোররা ট্রাকটি নিয়ে চম্পট দেয়।
কোবাল্ট-৬০ চিকিৎসা ও শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটি ‘ডির্টি বোমা’ বানানোর উপাদান হিসেবেও ব্যবহৃত হয়।
পুলিশ বুধবার ট্রাকটি উদ্ধার করে। তারা যেখান থেকে ট্রাকটি চুরি হয়েছিলো সেখান থেকে দুই কিলোমিটার দূরে একটি জায়গায় ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় খুঁজে পায় এবং দেখতে পায় চোররা সুরক্ষাপাত্র থেকে তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে ফেলেছে।
কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করে তেজস্ত্রিয় পদার্থ নিয়ে নাড়াচাড়া করার কারণে চোররা নিজেদেরকে প্রাণঘাতী তেজস্ক্রিয়তার বিষে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলে দেয়।
হিডালগো রাজ্যের স্বাস্থ্য সচিব পেদ্রো নোবেল স্থানীয় টেলিভিশনকে বলেন, “ওই ব্যক্তিদের মধ্যে তেজস্ক্রিয় পদার্থের খুব কাছাকাছি আসার জটিল লক্ষণ দেখা গেছে।“
রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ পরে জানায়, এই ব্যক্তিদের বয়স ১৬ থেকে ৩৮ এর মধ্যে। চিকিৎসার পর বিকালে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
