রোহিঙ্গা পাচার : তদন্তের আহ্বান জাতিসংঘ-যুক্তরাষ্ট্রের
থাইল্যান্ডের অভিবাসন কর্মকর্তারা মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের মানবপাচারকারীদের হাতে তুলে দিচ্ছে, রয়টার্সের এমন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে বিশ্বসংস্থা জাতিসংঘ ও বিশ্বের অন্যতম শীর্ষ প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার প্রকাশিত তিনটি দেশে দুই মাস ধরে চালানো অনুসন্ধানের ওপর ভিত্তি করে তৈরি করা প্রতিবেদনটিতে, থাইল্যান্ডের অভিবাসন কারাগারে থাকা রোহিঙ্গা শরণার্থীদের সাগরে অপেক্ষারত মানবপাচারকারীদের হাতে তুলে দেয়ার গোপন কার্যক্রম তুলে ধরা হয়েছে।
মিয়ানমারের বাসিন্দা মুসলিম রোহিঙ্গাদের নাগরিক বলে স্বীকার করে না দেশটি। সংখ্যাগুরু বৌদ্ধদের নিপীড়ন ও নৃশংসতার শিকার হয়ে দেশ ছাড়া রোহিঙ্গাদের মানবপাচারকারীরা দক্ষিণ থাইল্যান্ডের মালয়েশিয়া সীমান্তের উপকূলীয় দুর্গম বনের শিবিরে নিয়ে আটকে রাখে।
মালয়েশিয়া থাকা আত্মীয়-স্বজন মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে না নেওয়া পর্যন্ত এদের মারধর করা হয়, এই নির্যাতনে প্রায়ই কারো না কারো মৃত্যু হয়। অনেককে প্রায় বিনা কারণে মারতে মারতে মেরে ফেলা হয়।
এ বিষয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র ভিভিয়ান টান এক বিবৃতিতে বলেছেন, “জরুরি ভিত্তিতে এসব অভিযোগের তদন্ত করা দরকার। ওই অঞ্চলের দেশগুলোকে শরণার্থীদের পরিস্থিতির সুযোগ না নেয়া ও অপব্যবহার থেকে তাদের রক্ষা করতে সাময়িক নিরাপত্তা নিশ্চত করার জন্য আমরা বারংবার আহ্বান জানিয়ে আসছি।”
এর কয়েক ঘন্টা পর ওয়াশিংটন থেকেও একই ধরনের আহ্বান জানানো হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, “রোহিঙ্গা অভিবাসীদের থাইল্যান্ডের কর্মকর্তারা মানব পাচারকারীদের হাতে তুলে দিচ্ছে, এমন অভিযোগ ওঠা প্রতিবেদনের বিষয়ে আমরা অবহিত আছি। এই বিষয়ে একটি উপযুক্ত ও স্বচ্ছ তদন্ত চালানোর জন্য আমরা থাই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
“বার্মা (মিয়ানমার) ও এর সীমান্তের আশপাশের অঞ্চলগুলোর শরণার্থীদের ও দেশটির হুমকির মুখে থাকা সম্প্রদায়গুলোর মানবেতর পরিস্থিতি ও তাদের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন,” বলেন তিনি।
ব্যাংককে রাজকীয় থাই পুলিশের ডেপুটি মহাকমিশনার চাতচাওয়াল সুকসমজিৎ রয়টার্সের প্রতিবেদনে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে তাদের গোপন পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তিন এ ব্যবস্থাকে “একটি স্বাভাবিক পথ বা বিকল্প দুই” নামে অভিহিত করেছেন। তবে এটি কোনো দাপ্তরিক পরিকল্পনার অংশ নয় বলে দাবি করেছেন তিনি।
তার দেশে রোহিঙ্গা শরণার্থীদের চাপ কমাতে এ ব্যবস্থার শরণ নেয়া হয় বলে জানিয়েছেন তিনি।
এ ব্যবস্থায় রোহিঙ্গাদের ছবি তুলে, সই বা টিপসই নিয়ে তাদের দেশে (মিয়ানমারে) ফেরত পাঠানো হচ্ছে জানিয়ে ট্রলারে করে সাগরে অপেক্ষমান মানবপাচারকারীদের হাতে তুলে দেয়া হয়।
